ভোপালের জেলে রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর
রণবীর কাপুর

জেলখানায় যেতে হলো রণবীর কাপুরকে। সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক ছবিতে অভিনয় করতে গেলে, জেলে তো যেতেই হবে। কেননা এই বলিউড তারকার জীবনের অনেকটা সময় কেটেছে জেলখানায়।

গতকাল বুধবার সকালে রণবীর গিয়েছিলেন ভোপালের কেন্দ্রীয় কারাগারে। সেখানে ছিল ছবিটির শুটিং। হাজির হয়েছিলেন পরিচালক রাজকুমার হিরানিও। ছবিটির একটি চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সেখানে তাঁকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। ‘ফিল্লাউড়ি’ ছবির প্রচারণা রেখেই সঞ্জয়ের জীবনীভিত্তিক ছবির শুটিংয়ে যোগ দিতে সেখানে যান আনুশকা।
সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক ছবির জন্য নানা প্রস্তুতি নিতে হয়েছে রণবীরকে। শুধু তাঁর মতো শারীরিক গড়ন তৈরিই নয়, সঞ্জয়ের চলাফেরা লক্ষ্য করার জন্য প্রায় ২শ ঘণ্টার ভিডিও ফুটেজ দেখতে হয়েছে রণবীরকে। বুধবার সকালে ভোপাল বিমানবন্দরে একাই নেমেছিলেন রণবীর। একঝাঁক ভক্ত ও কয়েকজন গণমাধ্যমকর্মী সেখানে তাঁকে স্বাগত জানান।
নতুন এ ছবিটিতে রণবীর, আনুশকা ছাড়াও অভিনয় করবেন মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, সোনম কাপুর প্রমুখ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর মুক্তি পাবে ছবিটি। টাইমস অব ইন্ডিয়া