ভয় নেই দীপিকার

প্রথম বলিউড ছবি ‘ওম শান্তি ওম’-এই বাজিমাত করেন দীপিকা পাড়ুকোন। এরপর দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন এই তারকা। ক্যারিয়ারের চেয়ে বোধ করি তাঁকে ব্যক্তি জীবনেই বেশি চড়াই-উতরাই পার করতে হয়েছে। এতে লাভের লাভ যা হয়েছে তা হলো, আরও বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম শীর্ষ আয়কারী নারী অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় সাময়িকী ‘ফিল্মফেয়ার’কে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকা বলেন, এখন আর কোনো কিছুতেই ভয় নেই তাঁর।
‘আমি কোনো কিছুতেই ভয় পাই না। কাজের ক্ষেত্রে আমি সম্পূর্ণ ভয়হীন। তবে, শুরুর দিকে কিন্তু আমি মোটেও এমনটা ছিলাম না।’
ক্যারিয়ারের শুরুর দিকে ক্যামেরার সামনে ঘাবড়ে যেতেন দীপিকা। কীভাবে দাঁড়াবেন, সংলাপ কীভাবে মনে রাখবেন এসব নিয়ে নাকি খুব বেশি ভাবতেন সেসময়। আর এর প্রভাব গিয়ে পরতো পর্দায়।
দীপিকা বলেন, ‘আমার এই স্বভাব এখন পালটে গেছে। যখন থেকে আমি নিজেকে বিশ্বাস করতে শুরু করেছি, নিজের সত্তা ও পরিচালকদের ওপরে আস্থা রাখতে শিখেছি তখন থেকেই আমার মধ্যে এই পরিবর্তন এসেছে।’
দীপিকা পাড়ুকোন কাজ করছিলেন সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবিতে। আপাতত এই ছবির শুটিং বন্ধ আছে। কিছুদিন আগে রাজস্থানে ছবির শুটিং চলাকালীন উগ্রপন্থীদের হামলার শিকার হন ছবির পরিচালক। তাই বাধ্য হয়ে বানসালিকে পুরো ইউনিট নিয়ে সেখান থেকে চলে আসতে হয়েছে। বাকি অংশের শুটিং কবে শুরু হবে তা এখনো জানা যায়নি। ফিল্মফেয়ার।