ভয়ংকর অভিজ্ঞতার মুখে অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরদুপুরে বাইকে চেপে সশস্ত্র দুই ব্যক্তি গুড়গাঁওয়ের ফিল্ম সিটিতে ঢুকে পড়লেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাইক থামিয়ে গোলাগুলি শুরু করলেন। তিনটি বুলেট গিয়ে লাগল এক নিরাপত্তাকর্মীর গায়ে। মারাত্মক আহত হলেন তিনি। ধাওয়া দিলে বাইক ফেলে পালিয়ে গেলেন দুই দুষ্কৃতকারী। না, এটা কোনো ছবির দৃশ্য নয়। ভয়ংকর এমন ঘটনা ঘটেছে বাস্তবেই। তাও আবার অমিতাভ বচ্চনের চোখের সামনে। গতকাল শুক্রবার ফিল্ম সিটিতে শুটিংয়ের সময় এমন ভয়ংকর অভিজ্ঞতার মুখেই পড়তে হয়েছে এই ‘শাহেনশা’ তারকাকে। টুইটারে ঘটনার বর্ণনাও দিয়েছেন তিনি।

গুড়গাঁওয়ের ফিল্ম সিটিতে গোলাগুলির ঘটনার পর তদন্তকাজ শুরু করে পুলিশ।
গুড়গাঁওয়ের ফিল্ম সিটিতে গোলাগুলির ঘটনার পর তদন্তকাজ শুরু করে পুলিশ।

ঘটনার পরপরই অমিতাভ এক টুইটার বার্তায় লেখেন, ‘আমি কি ঠিক আছি! ফিল্ম সিটিতে শুটিং করছি। আমাদের কাছ থেকে মাত্র ২০ ফুট দূরে গোলাগুলি শুরু হয়ে গেল। রীতিমতো গ্যাং ওয়ার। একজন মৃত। চারদিক পুলিশে ভরে গেছে।’ পরে আরেকটি টুইটার বার্তায় ভুল সংশোধন করে অমিতাভ লেখেন, ‘লোকটি মারা যাননি। এই মুহূর্তে দুষ্কৃতকারীদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।’

নীল রঙের এই বাইকে চেপে অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুই ব্যক্তি ফিল্ম সিটিতে ঢুকে প্রকাশ্যে গোলাগুলি করেন।
নীল রঙের এই বাইকে চেপে অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুই ব্যক্তি ফিল্ম সিটিতে ঢুকে প্রকাশ্যে গোলাগুলি করেন।

ঘটনা প্রসঙ্গে পুলিশের অতিরিক্ত কমিশনার ফতেহ সিং পাতিলের উদ্ধৃতি দিয়ে মিড-ডে ডটকম জানিয়েছে, গতকাল ভারতের স্থানীয় সময় দুপুর দুইটার দিকে অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুই ব্যক্তি ফিল্ম সিটিতে প্রকাশ্যে গোলাগুলি শুরু করেন। সেসময় রাজু সিন্দে নামের একজন নিরাপত্তাকর্মীর পেটে দুটি ও ডান হাতে একটি বুলেট লাগলে মারাত্মক আহত হন তিনি। দ্রুত তাঁকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতের উগ্রপন্থী রাজনৈতিক দল শিব সেনার অঙ্গসংগঠন চিত্রপট সেনার কর্মী রাজু সিন্দে।