মঙ্গলবার বাড়ি ফিরবেন দিলীপ কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলীপ কুমার
দিলীপ কুমার

ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে জ্বর, সংক্রমণ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে গত শনিবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু এই অভিনেতার ক্রমেই সেরে ওঠার কথা জানিয়েছিলেন। আজ সোমবার লীলাবতী হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, দিলীপ কুমার এখন আশঙ্কামুক্ত। আগামীকাল মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে। এ কথা জানিয়েছেন সায়রা বানুর ব্যবস্থাপক মুরশিদ খান।
গত বছর পদ্মবিভূষণ সম্মাননা পান এই ‘দেবদাস’ তারকা। ১৯৯১ সালে পেয়েছিলেন পদ্মভূষণ। আর দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন ১৯৯৪ সালে। এ ছাড়া ১৯৫৬ সালে ‘আজাদ’ ছবির জন্য ফিল্মফেয়ারের সেরা অভিনেতার পুরস্কার জেতেন দিলীপ কুমার। মোট আটবার এই পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৯৩ সালে ফিল্মফেয়ার পুরস্কার আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছিল তাঁকে।
‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’সহ অসংখ্য হিট ছবি আছে দিলীপ কুমারের। তিনি সর্বশেষ অভিনয় করেছেন ‘কিলা’ ছবিতে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। এনডিটিভি।