মঞ্চে আবেগপ্রবণ হবু মা কারিনা

কারিনা কাপুর খান মা হচ্ছেন। এটা নতুন খবর নয়। তবে জনপ্রিয় বলিউড তারকা হলেও যে তাঁর মধ্যে চিরন্তন মায়ের আবেগ কাজ করে, সেটা প্রমাণ হলো প্রথমবার।
সম্প্রতি ভারতে আয়োজিত ‘ল্যাকমে ফ্যাশন উইক উইন্টার/ফেস্টিভ ২০১৬’ অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে র্যাম্পে হাঁটলেন কারিনা কাপুর খান। র্যাম্পে হাঁটার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন কারিনা। কারণ সাইফ আলী খানের ঘরনি তো একা নন, তাঁর ভেতরে যে আরেকটি প্রাণ বর্তমান! সেই অনাগত প্রাণও তো ওই অনুষ্ঠানের অংশ হয়ে গিয়েছিল। ৩৪ বছর বয়সী কারিনা ক্যাটওয়াকের পর বলেন, এই মুহূর্তটি চিরকাল তাঁর কাছে বিশেষ গুরুত্ববহ থাকবে, কারণ, তাঁর সন্তানও এখানে হাঁটলেন তাঁর সঙ্গে।
বলে নেওয়া ভালো, এই প্রথমবার ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কোনো পোশাক পরে র্যাম্পে হাঁটলেন কারিনা। এটাই সব্যসাচীর সঙ্গে তাঁর প্রথম কাজ। এর আগে এই তারকা ডিজাইনারের সঙ্গে কোনো কাজ করা হয়নি বলে এত দিন বেশ আক্ষেপ ছিল কারিনার। অবশেষে সেই আক্ষেপও ঘুচল বেবোর। দ্য হিন্দু।