মণিপুরেই থাকছে না 'ম্যারি কম'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ম্যারি কম’ ছবির দৃশ্যে প্রিয়াঙ্কা চোপড়া
‘ম্যারি কম’ ছবির দৃশ্যে প্রিয়াঙ্কা চোপড়া

মণিপুরের ছোট্ট গ্রাম থেকে উঠে এসে বিশ্বমঞ্চে নিজের অস্তিত্ব জানান দেওয়া। এই তো ম্যারি কমের অবিশ্বাস্য গল্প। আর সেই গল্পটা যখন রুপালি পর্দায় বন্দী হয়ে মুক্তি পেতে চলেছে, তখন মণিপুরের মানুষদের কাছে মন পোড়া এক খবর এল। ছবিটা মুক্তি পাবে না ভারতীয় নারী বক্সারের নিজের রাজ্যেই। মণিপুরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো হিন্দি ছবি নিষিদ্ধ করে রেখেছে বহুদিন হলো। তাদের মতে, এসব হিন্দি ছবি মণিপুরের নিজস্ব সংস্কৃতির জন্য ক্ষতিকর।
৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ম্যারি কম। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবিটির ট্রেইলার এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। ছবিটিও দর্শক-সমালোচকদের মন জিতে নেবে বলেই পূর্বাভাস মিলছে। কিন্তু মণিপুরের মানুষকে ছবিটা দেখতে হলে যেতে হবে অন্য কোনো রাজ্যে। শুধু হিন্দি ছবি বলেই নয়, অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ম্যারির চরিত্রে স্থানীয় কোনো অভিনেত্রীকে না নেওয়াটাও একটা ক্ষোভের কারণ। ম্যারি কম নিজে অবশ্য আশা প্রকাশ করেছেন, ছবিটা মুক্তির ঠিক আগেভাগে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সরকার, বিরোধী গোষ্ঠীদের প্রতি তিনি আহ্বানও জানিয়েছেন। তবে ১৫ বছর ধরে হিন্দি ছবির ওপর চলে আসা নিষেধাজ্ঞার ব্যাপারে এখনো কেউ মুখ খোলেনি। এনডিটিভি।