মধুবালার মোমের মূর্তি মাদাম তুসোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুবালা
মধুবালা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয় রিগ্যাল থিয়েটার। সেখানে আর সিনেমা দেখানো না হলেও দেখা যাবে বলিউডের নামীদামি তারকাদের। কারণ, সেখানে শুরু হচ্ছে মাদাম তুসো জাদুঘরের যাত্রা। সেই জাদুঘরেই দেখা যাবে তারকাদের মোমের পুতুল। নতুন ঘোষণায় জানা যায়, জাদুঘরে স্থান পাবে বলিউডের ‘দ্য ভেনাস অব ইন্ডিয়ান সিনেমা’খ্যাত তারকা মধুবালার মোমের মূর্তি।

বিখ্যাত বলিউড ছবি ‘মুঘল-ই-আজম’-এ মধুবালার যেমন স্টাইল ছিল, তা অনুসরণ করে নির্মাণ করা হয়েছে মোমের ভাস্কর্যটি। কেননা এই ছবির এ স্টাইলই মধুবালাকে এনে দিয়েছিল বিশ্বখ্যাতি। বার্তা সংস্থা পিটিআইকে মারলিন এন্টারটেইনমেন্টসের জেনারেল ম্যানেজার ও পরিচালক এবং তুসো গ্রুপের স্বত্বাধিকারী অনশুল জৈন বলেন, ‘দিল্লির মাদাম তুসোতে মধুবালার ভাস্কর্য পেয়ে আমরা খুব খুশি। এই জাতির কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করেন তিনি। আমরা নিশ্চিত যে তাঁর আকর্ষণীয় সৌন্দর্য ভক্তদের সেলফি তুলতে ও তাঁর সঙ্গে বিশেষ মুহূর্তকে জীবন্ত করতে এবং চলচ্চিত্রের সোনালি দিনগুলোতে ফিরিয়ে নিতে আগ্রহী করে তুলবে।’

‘চলতি কা নাম গাড়ি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’, ‘কালা পানি’, ‘হাওড়া ব্রিজ’ ছবিগুলো ছিল মধুবালার ব্লকব্লাস্টার হিট। ১৯৫২ সালে একটি মার্কিন ম্যাগাজিনে তাঁর সাক্ষাৎকার ছাপা হলে পরিচিতি ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। মাত্র ৩৬ বছর বয়সে ১৯৬৯ সালে মারা যান তিনি। তাঁর স্মরণে ২০০৮ সালে ভারতীয় ডাক বিভাগ তাঁর ছবি-সংবলিত পোস্টেজ স্ট্যাম্প প্রকাশ করে। আর এখন তাঁর মোমের মূর্তি স্থান পাবে মাদাম তুসোয়।

মধুবালার মোমের পুতুলের সঙ্গে মাদাম তুসোতে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা অমিতাভ বচ্চন, সংগীতশিল্পী আশা ভোসলে, ক্রিকেটার শচীন টেন্ডুলকার, এমনকি মার্কিন সংগীত তারকা লেডি গাগার ভাস্কর্যও। দিল্লিতে মাদাম তুসোর আনুষ্ঠানিক সূচনা হবে এ বছরের শেষের দিকে। এনডিটিভি।