
কোনো নতুন ছবি কিংবা বলিউডি গুঞ্জন দিয়ে নয়। সঞ্জয় দত্ত আলোচনায় আছেন তাঁর বন্দিজীবন নিয়ে। ভারতজুড়ে এখন সঞ্জয়ের প্যারোল বিতর্ক। একজন বন্দী তাঁর বন্দিজীবনে কতটা স্বাধীন হতে পারেন, এ প্রশ্ন এখন ঘোরপাক খাচ্ছে সবার মনে। কিছুদিন আগে এক মাসের প্যারোলে বাড়ি ফিরেছেন সঞ্জয় দত্ত। প্যারোল আবেদনের সময় মেয়ের অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়েছেন। কিন্তু কারণ যা-ই হোক না কেন, সঞ্জয়ের এই কারাজীবন থেকে ঘন ঘন ছুটি নেওয়াকে ভালো চোখে দেখছে না অনেকেই। প্রশ্ন উঠেছে, ‘ভারতের আইন কি সবার জন্য সমান?’ নাকি ‘ভিআইপি’ বলেই সঞ্জয় এত মজা নিয়ে সাজা কাটছেন? একদিকে ক্ষোভ, অন্যদিকে সঞ্জয় দত্তকে নিয়ে কৌতুক আর হাসি-ঠাট্টায় মুখর সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। তবে এত কিছুতে না গিয়ে সঞ্জয় দত্তের সাজার বৃত্তান্তটা জেনে নেওয়া যাক।
১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার সঙ্গে সঞ্জয়ের নাম শুরু থেকেই সম্পৃক্ত। লম্বা সময় ধরে চলে আসা সেই মামলা বিভিন্ন সময় নিয়েছে বিভিন্ন মোড়। ২০০৭ সালে ভারতের আদালত ছয় বছরের কারাদণ্ড দেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। তখন ১৮ মাস কারাবন্দী ছিলেন তিনি। এরপর জামিনে মুক্ত হন। ২০১৩ সালের ২১ মার্চ ভারতের উচ্চ আদালত সঞ্জয়ের চূড়ান্ত রায় শোনান। তাতে আগের ছয় বছরের সাজা কমে পাঁচ বছর করা হয়। আদালত তখনই সঞ্জয়কে আত্মসমর্পণের আদেশ দেন। কিন্তু আটকে থাকা ছবির শুটিংয়ের কারণ দেখিয়ে কয়েক দিনের জন্য ছাড় পান সঞ্জয় দত্ত। বিতর্কের শুরুটা তখন থেকেই। সাধারণ বন্দীদের ক্ষেত্রেও কি আইন এমন শিথিল হতো?
বিতর্ক যখন ক্ষোভ হয়ে ফুঁসে ওঠার পূর্বাভাস দিচ্ছে, সে সময়ই কঠোর হন আদালত। ২০১৩ সালে ১৬ মে মুম্বাইয়ের টাডা আদালতে সঞ্জয়কে আত্মসমর্পণ করতে হয়।
এরপর একই বছর ১ অক্টোবর ১৪ দিনের প্যারোল আবেদন করেন সঞ্জয় দত্ত। কারণ শারীরিক অসুস্থতা। প্রথম আবেদন মঞ্জুর হয়। প্রথমবার সবাই এই মুক্তিকে ইতিবাচকভাবেই নেয়। ১৪ দিন পেরুনোর পর সঞ্জয় তাঁর ছুটি আরও ১৫ দিন বাড়ানোর আবেদন করেন। মঞ্জুর হয় তা-ও। নভেম্বরে আবারও কারাগারে ফেরত যান বলিউডের এই অভিনেতা।
কিন্তু ছুটির এক মাস না পেরুতেই ডিসেম্বরে আবারও এক মাসের প্যারোল আবেদন করেন। সেটাও মঞ্জুর করেন আদালত। ডিসেম্বরের শেষে প্যারোল আরও এক মাস বাড়ানোর আবেদন করা হয়। কারণ ছিল, স্ত্রী মান্যতা দত্তের অসুস্থতা। ফেব্রুয়ারিতে আবারও কারাগারে ফেরত যান সঞ্জয় দত্ত।
পুরো বছর জেলে কাটিয়ে ২০১৪ সালের ডিসেম্বরে ১৪ দিনের জন্য ছুটিতে বাড়ি ফেরেন সঞ্জয়। ছুটি শেষে আরও ১৪ দিনের মুক্ত জীবনের আরজি করলেও আদালত তা নামঞ্জুর করে দেন। সব মিলিয়ে ২০১৪ সালে সঞ্জয় দত্ত জেলজীবনের ৯০ দিন কারাগারের বাইরে কাটান।
এ বছর এই প্রথমবারের মতো ৩০ দিনের জন্য প্যারোলে মুক্ত হলেন সঞ্জয় দত্ত। আদালত ও বিভিন্ন মানবাধিকার সংস্থার দেওয়া তথ্যমতে পাঁচ বছরের কারাজীবনে সঞ্জয় দত্ত ২০০৭ সালেই ১৮ মাসের সাজা ভোগ করেছিলেন। বাকি ছিল সাড়ে তিন বছর। ২০১৩ সাল থেকে সেই সাজা ভোগ শুরু করেন সঞ্জয়। এরই মধ্যে কেটে গেছে দুই বছর। এর মধ্যে ১৩২ দিনই সঞ্জয় ছিলেন কারাগারের বাইরে।
টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য স্টেটসম্যান অবলম্বনে