মন হালকা করা সিনেমাগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গোলমাল’ ছবির পোস্টার
‘গোলমাল’ ছবির পোস্টার

করোনাভাইরাসের এই সময়টাতে ঘরে বসেই কাটাতে হবে সবাইকে। আতঙ্কিত না হয়ে বরং সময়টায় যুক্ত হোক সামান্য আনন্দ। এ সময়ের সঙ্গী হতে পারে বলিউডের কিছু কমেডি ছবি। প্রাণ খুলে হাসতে হাসতে কাটিয়ে দেওয়া যেতে পারে কিছুটা আনন্দময় সময়।

কমেডি ছবি সবার জন্য নয়। অর্থাৎ সব নির্মাতা এ ছবি সফলভাবে বানাতে পারেন না। এ জন্য বলা যায়, কমেডি ছবির জন্য কয়েকজন নির্মাতার কাছে বলিউড ঋণী। কারণ, তাঁরা বছরের পর বছর দর্শককে হাসানোর কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। পুরোনো নির্মাতাদের কথা বললে প্রথমেই আসবে বাঙালি পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের কথা। সাদামাটা হাসির ছবি নির্মাণে তিনি ছিলেন অত্যন্ত পটু। তাঁর ঝুলিতে আছে ‘চুপকে চুপকে’, ‘গোলমাল’, ‘খুবসুরত’, ‘নরমগরম’ ছবিগুলো, যেগুলো একবার দেখতে বসলে বাইরের দুনিয়াকে পুরোপুরি ভুলে যাবেন দর্শক।

‘বোম্বে টু গোয়া’ ছবির পোস্টার
‘বোম্বে টু গোয়া’ ছবির পোস্টার

কমেডি ছবি দেখার আসল অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে হবে কিশোর কুমার অভিনীত ‘পড়োসান’ বা ‘বোম্বে টু গোয়া’ না দেখলে। একই রকম মুগ্ধ হওয়ার মতো ছবি ‘জানে ভি দো ইয়ারো’। নব্বইয়ের দশকে দুজন পরিচালক কমেডি ছবিকে অন্যমাত্রায় নিয়ে গেছেন। সেগুলোর মধ্যে ডেভিড ধাওয়ানের ‘কুলি নাম্বার ওয়ান’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘আঁখে’, ‘জড়ুয়া’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘পার্টনার’ ছবিগুলোর নাম একনিশ্বাসে বলে দেওয়া যায়। কমেডি ক্ল্যাসিক ‘চাশমে বোদ্দুর’ রিমেকও করেছেন ডেভিড। মূল ছবি ও রিমেক—দুটোই ভীষণ মজার। প্রিয়দর্শন কমেডির আরেক কারিগর। তাঁর ‘হেরাফেরি’ সিরিজ যাঁরা দেখেননি, তাঁদের অবশ্যই উচিত হবে সেটা দেখতে বসে যাওয়া। তাঁর পরিচালনায় ‘হাঙ্গামা’, ‘চুপকে চুপকে’, ‘হালচাল’, ‘দে দানা দান’, ‘ভাগাম ভাগ’ কোনোটাই দর্শককে নিরাশ করবে না।

‘চুপকে চুপকে’ ছবির পোস্টার
‘চুপকে চুপকে’ ছবির পোস্টার

কমেডি ছবির নির্মাতারা ছাড়াও কদাচিৎ কমেডি বানিয়েছেন অন্য নির্মাতারাও। সাফল্যও পেয়েছেন। রাজকুমার হিরানির ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিটি সে রকম। যদিও হিরানির প্রায় সব ছবির ভেতরে এক–আধটু কমেডি থাকেই। রাজকুমার সন্তোষীর ‘আন্দাজ আপনা আপনা’ বারবার দেখলেও দর্শকের তৃষ্ণা মিটবে না। সে রকম আরেকটি ছবি কমল হাসানের ‘চাচি ৪২০’। আনিস বাজমির ‘ওয়েলকাম’ ও ‘নো এন্ট্রি’, রোহিত শেঠির ‘গোলমাল’ সিরিজ, ইন্দ্রকুমারের ধামাল সিরিজও ভালো লাগতে পারে। তবে ‘মাস্তি’ সিরিজ সপরিবার না দেখাই ভালো। কেননা বলিউড কিছু কমেডি তৈরি করেছে প্রাপ্তবয়স্কদের জন্য।