মনীষার অভিবাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনীষা কৈরালা
মনীষা কৈরালা

হিন্দি চলচ্চিত্রশিল্প ও শিল্পীদের অভিবাদন জানালেন নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। নেপালের সম্ভ্রান্ত কৈরালা পরিবারের মেয়ে মনীষার মতে, বলিউডকে প্রায় সময়ই রূঢ় চলচ্চিত্রশিল্প হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও, বলিউডের অভিনয়শিল্পীদের একে অন্যের প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা তার জন্য তাঁরা অবশ্যই অভিবাদন পাওয়ার যোগ্য।
সদ্য সমাপ্ত ফিল্মফেয়ার পুরস্কার প্রদান অনুষ্ঠানের ৬০তম আসরে অংশ নেওয়ার পর সেখানে উপস্থিত প্রবীণ অভিনয়শিল্পীদের প্রতি নবীনদের শ্রদ্ধা দেখে তাঁর হৃদয় ছুঁয়ে গেছে বলেই জানিয়েছেন মনীষা।
এ প্রসঙ্গে মনীষা তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘ফিল্মফেয়ার অনুষ্ঠানে অংশ নিয়ে আমি কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম। ক্যারিয়ারের শুরুর দিকের কিছু পুরস্কার পাওয়ার কথা মনে পড়ছিল। সময়ের সঙ্গে সঙ্গে কত কিছুই তো বদলে গেছে। কিন্তু চলচ্চিত্রশিল্পীদের একে অন্যের প্রতি শ্রদ্ধা দেখানোর বিষয়টি একটুও বদলায়নি। সত্যিই হিন্দি চলচ্চিত্রশিল্পের কোনো তুলনা হয় না।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
হিন্দি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এবারের ফিল্মফেয়ার আসর থেকে আজীবন সম্মাননা পেয়েছেন টিভি ও চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কুশল। তাঁকে উদ্দেশ করে মনীষা লিখেছেন, ‘কামিনী কুশলজিকে সবাই দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন। তিনি মঞ্চ থেকে চলে না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন রেখাজি। জয়াজিও তাঁর প্রতি যেভাবে সম্মান দেখিয়েছেন, তার কোনো তুলনা হয় না। তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বর্তমান প্রজন্মকে উপদেশ দিয়েছেন কামিনীজিকে জানার জন্য।’
মনীষা আরও লিখেছেন, ‘রণবীর কাপুর রেখাজির পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার সময় আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি বলছি, কিছু মানুষ হিন্দি চলচ্চিত্রশিল্পকে যতই খারাপভাবে তুলে ধরার চেষ্টা করুক না কেন, এই শিল্পের এমন কিছু গুণ আছে যা কোনোভাবেই অগ্রাহ্য করা যায় না। আমি এই শিল্প এবং এর অন্তর্নিহিত শক্তি শিল্পীদের অভিবাদন জানাই।’