মরার আগে 'মান্নত' দর্শন

তাঁরা রাজত্ব পাট বসিয়েছেন বহুদিন হলো। তাঁদের রাজত্বকালে এসেছে নতুন অনেক রাজপুত্র। সবাই হুমকি দিয়েছে, শোরগোল তুলেছে, অনেকে হারিয়েও গেছেন। কিন্তু বলিউড সাম্রাজ্যের সিংহাসন থেকে এই তিনজনকে সরাতে পারেনি কেউ। বলছি সালমান খান, শাহরুখ খান আর আমির খানের কথা। তিন ‘খান’ দুই যুগেরও বেশি সময় ধরে মাতিয়ে রেখেছেন বলিউড। এই তিন খানে মনপ্রাণ দিয়ে বসেছেন কত অজস্র তরুণী। কত অন্ধভক্ত প্রতিদিন করে বেড়াচ্ছেন আজগুবি সব কাণ্ড। তিন খানের জন্য ভক্তদের ভালোবাসা নিয়েই সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ আয়োজন। আজ প্রকাশিত হচ্ছে এই আয়োজনের দ্বিতীয় পর্ব, আজকের পর্বে শাহরুখের বাড়ির গল্প
মধ্যবয়স্কা বাঙালি দম্পতি। গিন্নি রুমা বোসের বয়স ৫০ পেরিয়ে গেছে। কলকাতা থেকে মুম্বাই এসেছেন ক্যানসারের চিকিৎসা করাতে। রুমার এখন কেমো চলছে। ভগ্ন শরীর নিয়ে ছাতা মাথায় দিয়ে বসে আছেন শাহরুখের প্রাসাদ ‘মান্নত’-এর সামনে। দুচোখ ভরে দেখছেন ‘মান্নত’। চোখে-মুখে শারীরিক যন্ত্রণার ছাপ স্পষ্ট, তবুও ঠোঁটের কোণে লেগে আছে সব পাওয়ার হাসি। কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে এখানে কেন? রুমার স্বামী অলোক বোস জানান, ‘আর বলবেন না। কতবার বললাম শরীরের এই অবস্থা নিয়ে এত বৃষ্টির মধ্যে বাইরে বের হয়ো না। কিন্তু কিছুতেই শুনলো না। আবদার একটাই, মুম্বাই এসে শাহরুখের বাড়ি দেখব না? যদি আর কখনো দেখতে না পাই।’ রুমা সহাস্যে বলেন, ‘মরার আগে মান্নত দর্শন না করলে যে মরেও শান্তি পাব না।’ হঠাৎই কিছু তরুণ-তরুণী চলন্ত সাদা গাড়ির দিকে হুড়মুড়িয়ে ছুটল। কিন্তু না, ধরতে পারল না। হতাশ হয়ে ফিরে এল তারা। সেই গাড়িতে ছিলেন বলিউডের ‘কিং অব রোমান্স’ শাহরুখ খান। সঙ্গে ছিল কন্যা সুহানা। খবর নিয়ে জানা গেল, মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন শাহরুখ।

কয়েক বছর ধরে মুম্বাই সফরের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এই মান্নত। তাই রোজ শত শত মানুষ জমা হন শাহরুখের বাড়ির সামনে। শাহরুখ দর্শন নাই–বা জুটল, মান্নত দর্শনেই যে তাঁরা খুশি। আর অন্যতম সেরা পাওনা মান্নতকে সঙ্গী করে একটা ছবি। মুম্বাইয়ের অশান্ত বৃষ্টিকে অগ্রাহ্য করে ছাতা মাথায় দিয়ে অথবা বর্ষাতি গায়ে এদিনও শত শত মানুষ এসেছেন মান্নত দর্শনে। কথা হলো মধুচন্দ্রিমায় আসা দিল্লির এক তরুণ দম্পতির সঙ্গে। স্ত্রী মনপ্রীত নাকি বিয়ের আগে শর্ত রেখেছিলেন, তাঁদের মধুচন্দ্রিমা সফর শুরু হবে শাহরুখের বাড়ি দর্শন করে। কারুর জীবনের শেষ, কারুর বা জীবন শুরুর ইচ্ছে। এই রকম নানা ছোট ছোট ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে মান্নত।
মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের প্রায় শেষ প্রান্তে বলিউডের বাদশার স্বপ্নের প্রাসাদ মান্নত। একটু মান্নতের ইতিহাসে ফিরে যাওয়া যাক। আরব সাগরের সামনে সাদা মার্বেলে মোড়া এই প্রাসাদের প্রথম মালিক ছিলেন কেকু গান্ধী নামের এক পার্শি ভদ্রলোক। মান্নতের আগের নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। পরে নানান সূত্রে ‘ভিলা ভিয়েনা’-র মালিক হন কেকু গান্ধীর বংশের নারিমান দুবাশ। শাহরুখ খানকে বরাবরই আকৃষ্ট করত এই ভিলা ভিয়েনা। নারিমান দুবাশের সঙ্গে দেখা হওয়ার পর বলিউডের কিং খান এই বাংলোটি কেনার ইচ্ছা প্রকাশ করেন।

শোনা যায়, ভিলা ভিয়েনার সামনে অন্তহীন আরব সাগর আরও আকৃষ্ট করত শাহরুখকে। দুবাশের থেকে ভিলা ভিয়েনা কেনেন তিনি।
প্রথমে শাহরুখ ভাবেন এই বাংলোর নাম রাখবেন ‘জন্নত’। পরে যখন তিনি দেখেন তাঁর মনের একের পর এক ইচ্ছে পূরণ হচ্ছে, তখন তিনি ভিলা ভিয়েনার নতুন নাম দেন ‘মান্নত’। ধীরে ধীরে গড়ে ওঠে বলিউডের বাদশার ভালোবাসার প্রাসাদ। মান্নতের ছয়তলা বিল্ডিংয়ে পরিবারের জন্য দুটো বসার ঘর, একটা তলা শুধু শিশুদের খেলার জন্য, বিশাল লাইব্রেরি, জিম, সুইমিং পুল, ব্যক্তিগত বার, বিনোদনকেন্দ্র, বিশাল বাগিচা—সবকিছুই থরে থরে সাজানো। বসার ঘরের দেয়ালজুড়ে আছে বিখ্যাত চিত্রশিল্পী এম এফ হোসেনের আঁকা নানান ছবি, এ ছাড়া দেশ-বিদেশের দুষ্প্রাপ্য নানান ঘর সাজানোর জিনিস।
খান খানদানের সবচেয়ে খুদে সদস্য আব্রামের আবার খেলার ঘর নয়, তার প্রিয় খেলার স্থান মান্নতের ছাদ। শাহরুখের প্রতিবেশীরা অনেকেই দেখেছেন বাবা-ছেলেকে ছাদে হুটোপাটি করে খেলতে। তবে মুম্বাইতে কিং খানের কেনা প্রথম বাড়ি কার্টার রোডে শ্রী অমৃত অ্যাপার্টমেন্টের সাততলের তিন কামরার ফ্ল্যাট। তাঁর ৭০২ নম্বরের এই ফ্ল্যাটটিও সমুদ্রের দিকে মুখ করে। শাহরুখের ছেলে আরিয়ানের জন্মও এই বাসায়। সম্ভবত ‘দিওয়ানা’ ছবির চূড়ান্ত সাফল্যের পর এই বাসা ছেড়ে চলে যান তিনি। আজ বলিউডের বাদশার ঠিকানা ‘মান্নাত, ল্যান্ডস এন্ড’। বাদশাকে যে প্রাসাদেই শোভা দেয়।