মহেশ ভাটকে 'গুরুদক্ষিণা' দিলেন অনুপম খের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশ ভাট ও অনুপম খের
মহেশ ভাট ও অনুপম খের

ভারতের চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল বলিউডের তারকা অভিনেতা অনুপম খেরের।

সম্প্রতি ভারতের ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত হয়েছেন অনুপম খের। এই সম্মাননা পাওয়ায় মহেশ ভাট টুইট করেছিলেন, যখন শিষ্য গুরুকে ছাড়িয়ে যায়, সে বিষয়টি গুরুর জন্য সবচেয়ে আনন্দের। মহেশের সঙ্গে দেখা করে ‘গুরুদক্ষিণা’ হিসেবে একটি এক হাজার রুপির নোট তাঁর ‘গুরু’ মহেশ ভাটের হাতে তুলে দিয়েছেন খের।

মহেশ ভাটের হাতে এই ‘গুরুদক্ষিণা’ তুলে দেওয়ার পাশাপাশি অনুপম খের তাঁকে চলচ্চিত্রে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুপম খেরের ‘পদ্মভূষণ’ পুরস্কার প্রাপ্তিতে আনন্দিত মহেশ ভাট টুইটারে লিখেছিলেন, ‘অনুপম, তোমার পদ্মভূষণ প্রাপ্তিতে আমি অত্যন্ত গর্বিত হয়েছি।’

সম্প্রতি অনুপম খের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সে ছবিতে দেখা যাচ্ছে, মহেশ ভাটের সামনে আনতমস্তক অনুপম খের অঞ্জলি করে মহেশ ভাটকে সেই ‘গুরুদক্ষিণা’ দিচ্ছেন আর মহেশ ভাট মস্তক চুম্বন করছেন ‘শিষ্য’ অনুপম খেরের। ইন্দো-এশিয়ান নিউজ।