মা ও ছেলের জন্ম একই চিকিৎসকের হাতে

নবাববাড়ির নতুন অতিথি তৈমুর আলী খান। অনেকে ‘মিনি নবাব’ বলেও ডাকছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মা কারিনা কাপুরের সঙ্গে তাঁর একটি ছবিও ভাইরাল হয়েছে। কিন্তু আজ থেকে ৩৬ বছর আগে মা কারিনাকে ভূমিষ্ঠ করেছিলেন যে চিকিৎসক, তিনিই এবার সাইফিনার সন্তানকে দেখালেন পৃথিবীর আলো।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, একই চিকিৎসকের তত্ত্বাবধানে কারিনা কাপুর ও তাঁর সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়েছে। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রার কাছের একটি হাসপাতালে জন্ম তৈমুর আলী খান পতৌদির। ৩৬ বছর আগে কারিনা কাপুরের জন্মের সময়ও তত্ত্বাবধানে ছিলেন চিকিৎসক রুস্তম পি সুনাওয়ালা। তৈমুরের জন্মের সময়ও তত্ত্বাবধানে ছিলেন তিনি। শুধু তা-ই নয়, কাপুর পরিবারের আরও দুই সদস্য বলিউড তারকা কারিশমা কাপুর ও রণবীর কাপুরেরও জন্ম এই চিকিৎসকের হাতে। একই চিকিৎসকের হাতে মা ও ছেলের জন্মের ব্যাপারটি নিয়ে আলোচনায় সরগরম বলিউড পাড়া।
কাপুর পরিবারের পারিবারিক চিকিৎসক রুস্তম পি সুনাওয়ালা।
কারিনা ও সাইফের ছেলের নাম ঘোষণার পর থেকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে শুরু হয়েছে হুলুস্থুল। তৈমুর আলী খান নাম রাখার কারণে অনেকেই বর্ণবাদী মন্তব্য করছে সাইফিনা জুটিকে নিয়ে। ইরানি শব্দ তৈমুর অর্থ লোহা।
তৈমুর কারিনার প্রথম সন্তান হলেও সাইফের তৃতীয় সন্তান। সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের ঘরে সাইফের আরও দুই সন্তান রয়েছে। তাদের নাম ইব্রাহিম ও সারাহ।
আরও পড়ুন...
সবাই দেখছেন নতুন নবাবকে
সাইফিনার ছেলের নাম নিয়ে নানা কথা