মা হচ্ছেন কারিনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

কিছুদিন আগে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। কারিনা নিজে সেই গুজব উড়িয়ে দেওয়ার পর এ নিয়ে গণমাধ্যমে আর কোনো আলোচনা হয়নি। কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে ফিসফাস। কারিনা কাপুর খান সাড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা—এমন খবর রটেছে। কিন্তু তিনি কি আসলেই মা হতে যাচ্ছেন?
এ বিষয়ে কারিনা বা তাঁর স্বামী সাইফ আলী খানের কাছ থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। তবে কারিনার বাবা অভিনেতা রণধীর কাপুর এবার এই ব্যাপারে মুখ খুলেছেন।
তাঁর মেয়ে কারিনার মা হওয়ার বিষয়ে জানতে চাইলে রণধীর কাপুর বলেন, ‘তারা
(কারিনা ও সাইফ) আমাকে এখনো কিছু জানায়নি। তাই আমি এখনই কিছু বলতে পারছি না। তবে আমি আশা করব, খবরটা সত্যি হোক। এখন তাদের অবশ্যই সন্তান নেওয়া উচিত।’
কথা শুনে মনে হলো, রণধীরও নানা হওয়ার জন্য উদ্‌গ্রীব। কিন্তু কৌশলে দেওয়া তাঁর উত্তর মানুষের কৌতূহল যেন আরও বাড়িয়ে দিয়েছে।
কারিনা ইদানীং বেশ কিছু ভালো ছবির প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিচ্ছেন। এদিকে সম্প্রতি, সাইফ-কারিনা দম্পতি যুক্তরাজ্যে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে নাকি একটি ক্লিনিকেও গিয়েছিলেন তাঁরা। এমন খবর পাওয়ার পর থেকে গুজবের পালে লেগেছে নতুন হাওয়া।
কারিনা অবশ্য কিছুদিন আগে বলছিলেন, ‘আমার যখন যা করতে ইচ্ছা করেছে, তখন তা–ই করেছি। আমি অবশ্যই সন্তান চাই। যখন মনে হবে মা হতে চাই, তখনই আমি সন্তান নেব।’
তাহলে কি কারিনা এখন মা হতে চাইছেন? কে জানে? এর উত্তর তো একমাত্র সাইফ-কারিনা দম্পতিই দিতে পারবেন। এই জুটি বিয়ে করেন ২০১২ সালে। বলিউড লাইফ, টাইম অব ইন্ডিয়া