মা হয়েছেন এভলিন শর্মা
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ তারকা এভলিন শর্মা মা হয়েছেন। ১২ নভেম্বর একটি কন্যাসন্তানের জন্ম দিলেও খবরটি জানিয়েছেন গত ১৯ নভেম্বর। ওই দিন ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে তাঁর ছবি দিয়ে জানিয়েছেন এ খবর। তাঁর মেয়ের নাম দিয়েছেন আভা রানিয়া ভিন্ডি।
ইনস্টাগ্রামে মেয়ের ছবি দিয়ে ক্যাপশনে এভলিন লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘আভা ভিন্ডির মা’।
নতুন এই মা ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আভাকে কোলে নেওয়ার মুহূর্তেই বুঝতে পেরেছিলাম, এটা হতে যাচ্ছে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, ওর মায়ের চরিত্র।’
অভিনেত্রীর কাছের একটি সূত্র বলছে, মা ও মেয়ে দুজনেই ভালো আছেন। সূত্রটি বলছে, ‘হ্যাঁ, এভলিন তাঁর শোবিজের ক্যারিয়ারকে ভালোবাসেন এবং ভক্তদের সঙ্গে যুক্ত হওয়ার নিত্যনতুন পথ খোঁজেন। তবে এই মুহূর্তে তাঁর সব মনযোগ একদমই পরিবার আর বাসাকে ঘিরে।’
শুধু তা–ই নয়, পরিবারের নতুন সদস্যের ছবিও প্রতিনিয়ত ইনস্টাগ্রামে দিচ্ছেন। আজ মেয়ের সঙ্গে তাঁর একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমার হৃদয়’। ইনস্টাগ্রামে নিজের মেয়ের নামেও খুলেছেন একটি অ্যাকাউন্ট।
এভলিনের স্বামী তুশান ভিন্ডি। তাঁদের প্রথম দেখা হয় ২০১৮ সালে। তাঁদের বাগদান হয় ২০১৯ সালে।