মাঝরাতে সঞ্জয়কে রণবীরের ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সঞ্জু’ ছবির দৃশ্যে রণবীর কাপুর ও দিয়া মির্জা। ছবিটি ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘সঞ্জু’ ছবির দৃশ্যে রণবীর কাপুর ও দিয়া মির্জা। ছবিটি ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘সঞ্জু’ ছবিতে সঞ্জয় দত্তের নানা বয়সের চেহারায় দেখা গেছে রণবীর কাপুরকে। এ নিয়ে দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের বিস্ময়ের শেষ নেই। ছবিটি মুক্তির পর রণবীর জানিয়েছেন, রুপালি পর্দায় সঞ্জয় দত্ত হয়ে ওঠা সহজ ছিল না মোটেও। শুটিংয়ের আগে প্রায় সময়ই সঞ্জয়ের কাছ থেকে পরামর্শ নিতেন তিনি। এমনকি প্রয়োজনে মাঝরাতেও সঞ্জয়কে ফোন করে এটা-সেটা জানতে চাইতেন রণবীর।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সঞ্জয় দত্তের সহায়তা পেয়েই পর্দায় তাঁর চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছেন রণবীর। খোলাখুলিই এটি স্বীকার করেছেন তিনি। রণবীর বলেন, সঞ্জয় অকুণ্ঠচিত্তে তাঁকে সাহায্য করেছেন, বুঝিয়ে দিয়েছেন চরিত্রের খুঁটিনাটি। এ কারণেই সঞ্জয়ের আচরণগত বৈশিষ্ট্য তিনি অনুকরণ করতে পেরেছিলেন।

সংবাদমাধ্যম মিড-ডে সম্প্রতি রণবীর কাপুরের একটি সাক্ষাৎকার নিয়েছে। রণবীর বলেন, সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করাটা একদিকে ছিল ভয়ানক এবং অন্যদিকে উত্তেজনাকর। তিনি আরও বলেন, ‘অভিনেতা হিসেবে সঞ্জয়কে ঠিকঠাক পর্দায় ফুটিয়ে তোলা আমার কাজ ছিল। শুটিংয়ের আগে সঞ্জয় স্যারকে আমি মাঝরাতেও ফোন দিতাম। তাঁর জীবনের কিছু নির্দিষ্ট ঘটনা নিয়ে আমি তাঁকে জিজ্ঞেস করতাম। চিত্রনাট্য থেকে আমি অনেক কিছুই জানতে পারি, তবে আসল মানুষের কাছ থেকে শোনা ভিন্ন।’

তবে সঞ্জয় দত্তকে নিয়ে ভাঁড়ামি করতে চাননি রণবীর। তিনি বলেন, ‘অনেক মানুষ সঞ্জয় স্যার ও তাঁর স্টাইল নকল করার চেষ্টা করে। কিন্তু আমি ব্যঙ্গ করতে চাইনি। তাই আমার কাজটা আরও কঠিন ছিল।’

অনেকে প্রশ্ন তুলছেন, ‘সঞ্জু’ ছবিতে কি সঞ্জয় দত্তকে মহান একজন মানুষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে? গত বছরই অবশ্য তা খারিজ করে দিয়েছিলেন রণবীর। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সঞ্জু’ কোনো প্রচারণামূলক চলচ্চিত্র নয়। এই ছবিতে সঞ্জয়ের জীবনের মানবিক দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে।

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ‘সঞ্জু’। প্রথম দিনই সালমান খানের ‘রেস থ্রি’কে কোণঠাসা করে ফেলেছে সঞ্জয় দত্তের এই বায়োপিক নির্ভর ছবি। শুধু শুক্রবারই ৩৪ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি।