মাদক কেলেঙ্কারিতে রাকুল, রানা দাগুবতীকে তলব
বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক কেলেঙ্কারিতে উঠে এসেছিল বেশ কিছু বলিউড তারকার নাম। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং, সারা আলী খানসহ আরও কয়েকজন তারকাকে জিজ্ঞাসাবাদ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। এবার মাদক কেলেঙ্কারিতে এল দক্ষিণী ছবির বেশ কিছু তারকার নাম।
খবর অনুযায়ী, দক্ষিণের ১০ তারকাকে সমন পাঠিয়েছে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর বাস্তবায়ন অধিদপ্তর (ইডি)। তালিকায় রাকুল প্রীত সিং, রানা দাগুবতী, রবি তেজা, চার্মি কাউর, পরিচালক পুরী জগন্নাথের মতো তারকাদের নাম আছে। জিজ্ঞাসাবাদের জন্য আলাদা আলাদা দিনে তাঁদের ডেকে পাঠিয়েছে ইডি।
জানা গেছে, রাকুলকে আগামী ৬ সেপ্টেম্বর হাজির থাকতে বলেছে ইডি। রানাকে ৮ সেপ্টেম্বর, রবি তেজাকে ৯ আর পুরী জগন্নাথকে ৩১ আগস্ট ডেকে পাঠিয়েছে তারা। চার বছর আগে মাদক পাচার আর সেবনের এই মামলা করেছিল তেলেঙ্গানা আবগারি ও নিষেধাজ্ঞা বিভাগ।
জানা গেছে, ১২টি মামলা আর ১১টা চার্জশিট ফাইল করেছিল তারা। চার্জশিটে আটজন মাদক সরবরাহকারীর নাম উল্লেখ ছিল। এখন তদন্তে দক্ষিণের কিছু তারকার নামও উঠে এসেছে। তদন্তে আরও কত তারকার নাম উঠে আসে, তা আগামী দিনে দেখা যাবে।
বলিউডকে তছনছ করে দিয়েছে সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যু। বদলে দিচ্ছে পুরোনো বহু হিসাব–নিকাশ। অনেকে এমনও বলছেন, বলিউডের বেশির ভাগ তারকাই মাদকে আসক্ত। বলিউডের গভীরে শিকড় বিস্তার করে থাকা মাদক চক্রের খোঁজ মিলতে শুরু করেছে।
এর আগে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জেরায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী বলিউডের ২৫ জন তারকার নাম দিয়েছিলেন। তাঁরা নিজেরা মাদক নিতেন বা ড্রাগ পার্টির আয়োজন করতেন বলে রিয়া জানিয়েছেন। এই ২৫ জন তারকার মধ্যে রিয়া বেশ কিছু নাম খোলাসা করেছেন। শুধু অভিনেতা নন, বলিউড ইন্ডাস্ট্রির নামজাদা প্রযোজক, পরিচালক এই মামলায় জড়িয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।