মাধুরীতে মুগ্ধ আনুশকা

সিনেমায় অভিনয় করা বাদ। এখন ঘরে বসে সিনেমা দেখছেন আনুশকা শর্মা। সম্প্রতি তিনি টিভিতে দেখেছেন মাধুরী দীক্ষিতের ১৯৯৪ সালের সাড়াজাগানো সিনেমা হাম আপকে হ্যায় কৌন। মাত্র ৪ কোটি ২৫ লাখ রুপি খরচ করে বানানো এই ছবি তুলে এনেছিল ১২৮ কোটি রুপি। ঘরের টিভিতে চলমান মাধুরীর তিনটি ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। মুগ্ধ ভক্তের মতো লিখেছেন, ‘কী দুর্দান্ত অভিব্যক্তি, উফফ...!’
কেবল আনুশকাই নন, রণবীর কাপুরও মাধুরীর ভক্ত। ছোটবেলায় মাধুরীর প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন তিনি। এখনো নাকি প্রায়ই হাবুডুবু খান প্রেমে। এমনকি ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে ‘ঘাগরা’ গানে মাধুরীকে চুমু খাওয়ার দৃশ্যটি নাকি তাঁর জীবনের অন্যতম সেরা অর্জন। মনে লেগে থাকা সবচেয়ে সুন্দর অনুভূতি। এবার আনুশকা শর্মাও জানালেন, মাধুরীর ভক্তদের সারিতে তিনিও আছেন।
জিরোর পর অনেক দিন নতুন কোনো ছবি নেই আনুশকার। এ নিয়ে মাথাব্যথাও নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যারিয়ার নিয়ে আমার কোনো নিরাপত্তাহীনতা নেই। শুধু সময় কাটানোর জন্য সিনেমা করতে চাই না।’ তবে বসে নেই তিনি। শোনা যাচ্ছে, ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনীচিত্রে দেখা যাবে ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে। সূত্র: পিঙ্ক ভিলা ও টাইমস অব ইন্ডিয়া