মাধুরীর জন্মদিনে...

গতকাল রোববার ছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ৪৯তম জন্মদিন। হাসি, অভিনয় ও নাচ দিয়ে এই অভিনেত্রী আজও দর্শকদের মুগ্ধ করে রেখেছেন। বলিউড সিনেমায় তাঁর উপস্থিতি আর আগের মতো দেখা না গেলেও তাঁর কদর কিন্তু কমেনি এতটুকুও। ভক্ত সহকর্মীদের ভালোবাসার নমুনা দেখলেই তা স্পষ্ট বোঝা যায়।
জন্মদিনে গতকাল শুভেচ্ছায় ভেসে গেছেন এই তারকা। বলিউডের অভিনেতা ঋষি কাপুর টুইটারে লিখেছেন, ‘শুভ জন্মদিন মাধুরী। দিনটি শুভ হোক।’ নির্মাতা করন জোহর টুইট করেছেন, ‘শুভ জন্মদিন সুন্দরী ও অনন্যা। ভালোবাসি মাধুরী। তোমায় মিস করি।’
এদিকে মাধুরীর সঙ্গে বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ এবং অভিনেত্রী ও মডেল সোফি নিজেদের ছবি পোস্ট করে টুইটারে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
১৯৮৪ সালে বলিউড অঙ্গনে পা রাখেন এই গুণী অভিনেত্রী। তাঁর ঝুলিতে আছে ‘রাম-লক্ষ্মণ’, ‘তেজাব’, ‘বেটা’, ‘সাজন’, ‘খলনায়ক’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘দেবদাস’-এর মতো সুপারহিট সব ছবি।
ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ২০০৮ সালে এই অভিনেত্রী পদ্মশ্রী সম্মাননা পান। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।