মানুষ নাকি পণ্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা
আনুশকা শর্মা

বেশ ক্ষুব্ধ আনুশকা শর্মা। তারকা হওয়ার বিড়ম্বনা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। জীবনে ব্যক্তিগত বলে নাকি কিছুই নেই তাঁর। মাঝেমধ্যে নিজেকে মানুষ বলেই মনে করেন না আনুশকা। সম্প্রতি ক্ষোভ ভরা এ কথাগুলো আনুশকা শোনালেন জিকিউ ইন্ডিয়া ম্যাগাজিনকে।
তারকাদের কোনো কিছুই লুকানো থাকে না। গোপনীয়তা কিংবা একাকিত্ব বলে কিছুই নেই তাদের। এ নিয়ে আনুশকার মনে আক্ষেপের অন্ত নেই। তবে আনুশকা সবচেয়ে বেশি কষ্ট পান তখন, যখন তাঁকে কেউ পণ্যের মতো মনে করে। অনেকেই এ অভিনেত্রীকে কথা শোনান, তিনি নাকি নিজের প্রচার করতে জানেন না। আনুশকা এমন লোকদের উদ্দেশে বলেন, ‘নিজের প্রচার কেন করব? আমি তো পণ্য নই। পণ্যের প্রচার করতে হয়, মানুষের নয়!’
প্রেম, সম্পর্ক, জীবনযাপনকে খবরের শিরোনাম হিসেবে দেখতে নারাজ এ ব্যান্ড বাজা বরাতখ্যাত অভিনেত্রী। এ নিয়ে আনুশকা বলেন, ‘আমার কাজ অভিনয় দিয়ে দর্শকদের বিনোদিত করা। আমার ব্যক্তিজীবন কারও বিনোদনের উপকরণ হতে পারে না। এমনটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সবাই আমাকে কাজ দিয়ে বিচার করুক; কার সঙ্গে সখ্য, তা দিয়ে নয়।’
পিকে ছবির কল্যাণে এ সময়ে আলোচনায় আছেন আনুশকা শর্মা। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি মুক্তি পাবে ১৯ ডিসেম্বর। এতে আনুশকাকে দেখা যাবে আমির খান, সঞ্জয় দত্ত ও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে।