মামলায় ফাঁসলেন মল্লিকা

ভারতের জাতীয় পতাকা অবমাননার দায়ে সম্প্রতি মামলা হয়েছে বলিউডের বিতর্কিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের বিরুদ্ধে। প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্টের আওতায় হায়দরাবাদের ফালাকনামা থানায় মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ।
মল্লিকার বিরুদ্ধে অভিযোগ, সস্তা প্রচারণা পাওয়ার জন্য ‘ডার্টি পলিটিক্স’ ছবির পোস্টারে অশ্লীলভাবে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। এর মধ্য দিয়ে দেশের সম্মানকে অপমানিত করা হয়েছে।
মল্লিকা অভিনীত পরবর্তী ছবি ‘ডার্টি পলিটিক্স’। ছবিটির পোস্টারে দেখা গেছে, ভারতের তিন রঙা জাতীয় পতাকা শরীরে জড়িয়ে একটি গাড়ির ছাদে বসে আছেন মল্লিকা। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ভারতীয় দুই নাগরিক মল্লিকার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার দায়ে মামলা দায়ের করেন। তাঁরা মল্লিকাকে গ্রেপ্তারেরও আবেদন জানিয়েছেন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
প্রসঙ্গত, ‘ডার্টি পলিটিক্স’ ছবির পোস্টারের কারণে গত আগস্ট মাসেও জাতীয় পতাকা অবমাননার দায়ে হায়দরাবাদের করিম নগরে মল্লিকার বিরুদ্ধে মামলা হয়েছিল।
জাতীয় পতাকা অবমাননার দায়ে একাধিক মামলা হওয়ার পর মল্লিকার বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়।