মারা গেছেন ‘বাধাই হো’ ছবির দাদি সুরেখা সিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেখা সিক্রি
ইনস্টাগ্রাম

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকালে মারা গেছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী সুরেখা সিক্রি। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ২০২০ সালে তাঁর ব্রেন স্ট্রোকও হয়েছিল। তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রীর ব্যবস্থাপক ভারতীয় সংবাদমাধ্যমের কাছে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রয়াত সুরেখার ব্যবস্থাপক জানিয়েছেন, ‘অভিনেত্রী সুরেখা সিক্রি কার্ডিয়াক অ্যারেস্টে ৭৫ বছর বয়সে শুক্রবার সকালে মৃত্যুবরণ করেছেন। দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন পরিবারের সদস্যরা।’

সুরেখা সিক্রি এই সময়ে বেশি পরিচিত হন ‘বাধাই হো’ ছবির দাদির চরিত্রে অভিনয় করে। আয়ুষ্মান খুরানা আর সানিয়া মালহোত্রাদের সঙ্গে সুরেখাও দর্শকের মনে জায়গা করে নেন।

১৯৭৮ সালে ‘কিসসা কুর্সি কা’ দিয়ে বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। একাধিক ধারাবাহিক ও সিনেমায় তাঁকে দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। সহ-অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন ‘তমস’ (১৯৮৮), ‘মাম্মো’ (১৯৯৫) ও ‘বাধাই হো’ (২০১৮) ছবিতে অভিনয়ের জন্য।

বাধাই হো ছবিতে সুরেখা সিক্রি (ডানে)
সংগৃহীত

জোয়া আখতারের ‘ঘোস্ট স্টোরিজ’-এ শেষবার তাঁকে দেখা গেছে। ‘জুবায়েদা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ও ‘রেইনকোট’-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। টেলিভিশনে কাজ করেছেন ‘এক থা রাজা এক থি রানি’, ‘পরদেশ মে হ্যায় মেরা দিল’, ‘মা এক্সচেঞ্জ’, ‘সাত ফেরে’ এবং ‘বালিকা বধূ’ ধারাবাহিকে।

সুরেখা সিক্রি
ইনস্টাগ্রাম

সুরেখার জন্ম দিল্লিতে হলেও তাঁর শৈশব কাটে আলমোরা ও নৈনিতালে। বাবা ছিলেন ভারতীয় বিমানবাহিনীর একজন কর্মকর্তা। ১৯৬৮ সালে ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে নাট্যতত্ত্বে স্নাতক ডিগ্রি অর্জন করেন সুরেখা সিক্রি। মঞ্চেও ছিলেন সক্রিয়। মঞ্চে কাজ করার জন্য তিনি পেয়েছেন সংগীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড।

সিরিয়ালের দৃশ্যে সুরেখা (বামে)
ইনস্টাগ্রাম