মারা গেছেন মহেশ বাবুর ভাই অভিনেতা রমেশ বাবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমেশ বাবু

দক্ষিণ ভারতীয় অভিনেতা মহেশ বাবুর ভাই রমেশ বাবু মারা গেছেন। তিনি অভিনেতা ও প্রযোজক হিসেবে কাজ করেছেন দক্ষিণ ভারতীয় তেলেগু ইন্ডাস্ট্রিতে। গতকাল শনিবার রাতে ৫৬ বছর বয়সে তিনি মারা যান। পারিবারিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর প্রকাশের পরে তেলেগু চলচ্চিত্রের তারকারা শোক জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে লিভার সমস্যায় ভুগছিলেন তিনি। তবে তাঁর মৃত্যু হয়েছে আকস্মিকভাবে। জিএমবি এন্টারটেইনমেন্ট তাদের টুইটারে মৃত্যু সংবাদ প্রথম প্রকাশ করে। এটি ঘাট্টামানেনি পরিবারের পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান।

দক্ষিণ ভারতীয় অভিনেতা মহেশ বাবুর ভাই রমেশ বাবু মারা গেছেন
সংগৃহীত

টুইটারে লেখা হয়েছে, ‘আমরা খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় ঘাট্টামানেনি রমেশ বাবু গারু পরপারে পাড়ি জমিয়েছেন। তিনি সারা জীবন আমাদের হৃদয়ে থাকবেন।’

রমেশ বাবু

ভারতে করোনার সংক্রমণ বাড়ায় তাঁর শেষকৃত্যে লোক সমাগমকে অনুৎসাহিত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কারণে তাঁরা সব সুহৃদদের কোভিড-১৯ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। শেষকৃত্য অনুষ্ঠানে ভিড় না করার অনুরোধ করেছেন।

রমেশ বাবু ‘বাজার রাওডি’, ‘মুগুরু কোডুকুলু’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন
সংগৃহীত

রমেশ বাবু ‘বাজার রাওডি’, ‘মুগুরু কোডুকুলু’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন। ১৯৯৭ সালে অভিনয় থেকে অবসর গ্রহণের পর তিনি প্রযোজক হিসেবে কাজ শুরু করেন।
তাঁর মৃত্যুতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকারা শোক জানিয়েছেন। তাঁদের মধ্যে আছেন চিরঞ্জীবী, সাই ধরম তেজ, বরুণ তেজ, রমেশ ভার্মা, গোপীচাঁদ মালিনেনি, নিথিন প্রমুখ।
তাঁর ছোট ভাই তেলেগু তারকা মহেশ বাবু করোনায় আক্রান্ত হয়ে এখন আইসোলেশনে। এখনো জানা যায়নি তিনি তাঁর ভাইয়ের শেষকৃত্যে অংশগ্রহণ করতে পারবেন কি না।