মার্শাল আর্ট শিখছেন তাপসি

‘পিংক’ ছবিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন তাপসি পান্নু। অমিতাভ বচ্চনের মতো অভিনেতার পাশাপাশি অভিনয় করে সবার নজরে পড়া একটা ব্যাপার বটে। সম্প্রতি নতুন ছবির প্রস্তুতি নিতে শুরু করেছেন তাপসি। শিখছেন মার্শাল আর্টস।
পরিচালক নিরাজ পান্ডের নতুন ছবি ‘নাম শাবানা’তে রয়েছে ধুন্ধুমার মারপিট। সেটার জন্যই মার্শাল আর্টস শিখতে শুরু করেছেন এই অভিনেত্রী। গত বছর মুক্তি পাওয়া ‘বেবি’ ছবিতেও বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু নতুন ছবিতে পান্নুকে দেখা যাবে অন্য মাত্রার অ্যাকশনে। সে জন্যই এমএমএ বা মিক্সড মার্শাল আর্টস ও জাপানি মার্শাল আর্টস আইকিদোর কিছু অংশ শিখতে শুরু করেছেন তিনি।
পান্নু বলেছেন, ব্যক্তিগত প্রশিক্ষকের কাছে নিয়ম করে মার্শাল আর্ট শিখছেন তিনি। প্রতিদিনই দেড় থেকে দুই ঘণ্টা করে সময় দিতে হচ্ছে। ইতিমধ্যে আইকিদো ও এমএমএ-এর মৌলিক বিষয়গুলোর প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। সেসব নাকি ‘বেবি’ ছবির অ্যাকশনের থেকেও অনেক বেশি কঠিন ও কঠোর। জানা গেছে, ছবিটিতে দেখা যাবে মোট তিন ধরনের মার্শাল আর্টস। কিন্তু কেন? তাপসি পান্নুর জবাব, ‘সেসব জানতে অপেক্ষা করতে হবে ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত।। এনডিটিভি।