মায়ের পথেই হাঁটছেন জাহ্নবী!

বারবার শ্রীদেবীর সঙ্গে তুলনা চলে আসে জাহ্নবীর। ‘ধড়ক’ ছবি মুক্তির পর অনেকেই জাহ্নবীর মধ্যে খুঁজে বেড়াচ্ছেন শ্রীদেবীর ছায়া। অভিনয়ে মাকে অনুকরণ না করলেও মায়ের দেখানো পথেই হাঁটছেন শ্রীদেবী-কন্যা। এদিকে জানা গেছে, শ্রীদেবী নাকি কখনোই চাননি তাঁর মেয়ে অভিনয়ে আসুক। কারণ এই জগতে লড়াই করে টিকে থাকতে হয়। আর এই জগতে টিকে থাকতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। তবে মায়ের দেখানো পথেই হাঁটছেন জাহ্নবী।
গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে ‘ধড়ক’ ছবির সাফল্যের জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ক্যারিয়ারের প্রথম ছবির সাফল্যে খুশি জাহ্নবী কাপুর। তবে এই সাফল্যের পথ ধরে অনেক দূর হাঁটতে চান বলিউডের এই নবাগত। জাহ্নবী বলেন, ‘একটা ছবির সাফল্যে কিছুই প্রমাণ হয় না। আমাকে আরও পরিশ্রম করতে হবে, আরও সামনে যেতে হবে।’ তবে হয়তো আর কোনো রিমেক ছবিতে অভিনয় করবেন না জাহ্নবী। বললেন, ‘ধড়ক’ দেখার পর আমার বাড়ির লোক বলেছে আর কোনো রিমেক ছবিতে কাজ না করতে। ছবির নায়ক ঈশান খাট্টার বলেন, ‘আমাকে বাসার সবাই বলেছেন ছবিতে যা হয়েছে, তা যেন বাস্তবে না করো।’
বলিউডের অনেকেই এখন জাহ্নবী আর ঈশানের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। তবে বলিউডের এই নবাগত দুই তারকা দর্শকের প্রতিক্রিয়ায় আপ্লুত। সেরা কমপ্লিমেন্টের প্রসঙ্গে তাঁরা বলেন, ‘জায়েটি গ্যালাক্সিতে দর্শকের প্রতিক্রিয়া সামনে থেকে দেখে এত ভালো লেগেছিল, তা বলে বোঝাতে পারব না। আর এটাই সেরা কমপ্লিমেন্ট।’
ছবির প্রযোজক করণ জোহর মজা করে জাহ্নবী ও ঈশানকে বলেন, ‘এত সেলিব্রিটি তোমাদের কাজের প্রশংসা করেছে! আমি কতবার তোমাদের তারিফ করেছি, কিন্তু তার কোনো মূল্য তোমাদের কাছে নেই! দর্শকের প্রতিক্রিয়ায় তোমরা এত খুশি! এরা একদম “ম্যাসি” হয়ে গেছে।’
তবে ‘ধড়ক’ ছবির সাফল্যে ছবির প্রযোজক করণ জোহর খুব খুশি। তিনি ছবির পরিচালক শশাঙ্ক সম্পর্কে বলেন, ‘শশাঙ্ক আজ পর্যন্ত যত ছবি পরিচালনা করেছেন, তার মধ্যে এটাই সেরা। আর শশাঙ্কের মধ্যে এত প্রতিভা আছে যে ও আগামী দিনের করণ।’
‘ধড়ক’ ছবিটি এরই মধ্যে ৫০ কোটির রুপির বেশি ব্যবসা করেছে।