মিরা শহিদের!

বলিউডের অভিনেতা শহিদ কাপুর বিয়ে করে থিতু হচ্ছেন। পাত্রী দিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রী মিরা রাজপুত। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুনেই বিয়ের পর্ব সারবেন শহিদ-মিরা। শহিদের জন্য দুঃসংবাদ হলো, তাঁর আগে আরেকজনকে জীবনসঙ্গী নির্বাচন করতে চেয়েছিলেন মিরা। দুই বছর চুটিয়ে প্রেমও করেছেন। তবে টেকেনি সেই প্রেম। মিরার সাবেক প্রেমিকের নাম আদিত্য লাল। একই স্কুলে পড়তেন তাঁরা। আদিত্যর সঙ্গে বিচ্ছেদের পর শহিদকে আজীবনের সঙ্গী করার সিদ্ধান্ত নেন মিরা। সম্প্রতি মিরা ও তাঁর সাবেক প্রেমিক আদিত্যর অন্তরঙ্গ কয়েকটি ছবি ফাঁসের পর শোরগোল উঠেছে বলিউডে।

বসন্ত ভ্যালি স্কুলে পড়ালেখা শেষ করে দিল্লির লেডি শ্রীরাম কলেজে ভর্তি হন শহিদের চেয়ে বয়সে ১৩ বছরের ছোট মিরা রাজপুত। সেখানে ইংরেজিতে স্নাতক করছেন তৃতীয় বর্ষের ছাত্রী মিরা। বসন্ত ভ্যালি স্কুলের শিক্ষার্থী ছিলেন আদিত্য ও মিরা। মিরার চেয়ে এক ব্যাচ সিনিয়র ছিলেন আদিত্য। এক স্কুলে পড়তে গিয়ে তাঁরা একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন। গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে বলিউডলাইফ ডটকম।

টানা দুই বছর চুটিয়ে প্রেম করেন আদিত্য ও মিরা। বসন্ত ভ্যালি স্কুলের পাশের একটি শপিং মলে প্রায়ই অভিসারে যেতেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি তাঁদের প্রেম। মতের মিল না হওয়ায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রেমের ইতি টানার সিদ্ধান্ত নেন তাঁরা। বিচ্ছেদের পর লন্ডনে পড়ালেখা করতে যান আদিত্য। গত বছর দেশে ফিরে মিরাকে ফিরে পাওয়ার চেষ্টা করেন। কিন্তু ততদিনে মিরার জীবনে শহিদ চলে আসায় আদিত্যর পুনর্মিলনের প্রস্তাব ফিরিয়ে দেন।