মিরাকে লেখা কঙ্গনার চিঠি

আজ বলিউড অভিনেতা শহিদ কাপুরের ৩৫তম জন্মদিন। তবে শহিদের স্ত্রী মিরা রাজপুত জন্মদিনের দিন কয়েক আগেই বরের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন। যদিও মিরার ইচ্ছা ছিল, চমৎকার এক সারপ্রাইজ পার্টির মাধ্যমে চমকে দেবেন শহিদকে। কিন্তু গণমাধ্যমের যন্ত্রণায় তাঁর সেই ইচ্ছাটি আর পূরণ হলো না। পত্রপত্রিকার মাধ্যমে শহিদ সবকিছু আগেই জেনে গিয়েছেন। বিষয়টায় চমক না থাকলেও পার্টির আনন্দে অবশ্য এক ফোঁটাও ভাটা পড়েনি। সেদিন বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন। কিন্তু দেখা যায়নি কঙ্গনা রনৌতকে। এই নিয়ে অনেকেই কানাঘুষা করছিলেন। কারণ, এই শুক্রবার মুক্তি পেয়েছে শহিদ কাপুরের ছবি ‘রেঙ্গুন’। সেখানে তাঁর সহশিল্পী ছিলেন কঙ্গনা। পার্টিতে তাঁর অনুপস্থিতিতে তাই একটু কথা তো হবেই। অবশ্য, আমন্ত্রণ পেয়েও সেই পার্টিতে উপস্থিত থাকতে না পেরে মিরাকে একটি চিঠি লিখেছেন কঙ্গনা।
‘রেঙ্গুন’-এর শুটিং করতে গিয়ে শহিদ-কঙ্গনার সম্পর্ক খারাপ হয়। ছবির প্রচারে একসঙ্গে অংশ নিলেও তাঁদের মধ্যকার ঠান্ডাযুদ্ধের অবসান এখনো হয়নি। তাই অনেকে ভাবতেই পারেন, শহিদের জন্মদিনের আগের পার্টিতে নিমন্ত্রণ পাবেন না কঙ্গনা রনৌত। কিন্তু শহিদ-পত্নী মিরা তাঁর ভদ্রতা ঠিকই রক্ষা করেছেন। বরের এই সহশিল্পীকে আমন্ত্রণ জানাতে তিনি ভোলেননি। অবশ্য কঙ্গনাও তাঁর অপারগতার কথা লিখে একটি চিঠি পাঠিয়েছেন মিরাকে। চিঠিতে এই অভিনেত্রী নিমন্ত্রণের জন্য মিরাকে ধন্যবাদ জানিয়েছেন। ওই সময় তিনি আগের একটি চুক্তি অনুযায়ী দিল্লিতে থাকবেন বলে শহিদের পার্টিতে আসতে পারবেন না বলেও জানিয়েছেন।
হুম...তাঁর মানে শহিদের সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা নেই কঙ্গনার। এটি বেশ ভালো কথা।
মিরার ডাকা সেই পার্টিতে সেদিন হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, বরুন ধাওয়ান ও তাঁর কথিত প্রেমিকা নাতাশা দালালসহ অনেকে। টাইমস অব ইন্ডিয়া।