মিরাকে শহিদের ২৩ লাখ রুপির আংটি!

বিয়ের পথে আরও এক ধাপ এগোলেন শহিদ কাপুর ও মিরা রাজপুত। সম্প্রতি এ জুটির রোকা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রথা অনুযায়ী রোকা অনুষ্ঠানে দুটি পরিবার মিলে পাত্র-পাত্রীর বিয়ে চূড়ান্ত করে। এরপর সম্ভাব্য অন্য কোনো পাত্রের সঙ্গে যোগাযোগ করতে পারে না পাত্রী। রোকা অনুষ্ঠানে মিরাকে আংটিও উপহার দিয়েছেন শহিদ। শোনা যাচ্ছে, আংটিটির দাম নাকি ২৩ লাখ রুপি।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দিল্লির একটি গয়নার দোকানে অর্ডার দিয়ে মিরার জন্য আংটিটি তৈরি করান শহিদ। আংটির পেছনে তিনি ব্যয় করেন ২৩ লাখ রুপি। সম্প্রতি রোকা অনুষ্ঠানে ওই আংটি মিরাকে উপহার দেন। গত মার্চ মাসে শহিদ ও মিরার বাগদান ও বিয়ের খবর চাউর হয়। শুরুতে চুপ থাকলেও পরে মুখ খোলেন শহিদ। জানান, তাঁর বিয়ের কথাবার্তা চলছে এবং শিগগিরই তিনি বিয়ের ঘোষণা দেবেন।
অবশ্য, বাগদানের খবর অস্বীকার করেন ৩৪ বছর বয়সী এ তারকা অভিনেতা। তিনি বলেন, ‘এখনো আমার বাগদান হয়নি। তবে বিয়ের কথাবার্তা চলছে। খুব শিগগির সবকিছু জানতে পারবেন আপনারা। আমি আপনাদের সবার সহযোগিতা চাই।’
হবু বউয়ের নাম কিংবা পরিচয় না দিলেও, অল্প কথায় তাঁর সম্পর্কে ধারণা দেন শহিদ। হবু বউ সম্পর্কে শহিদ মন্তব্য করেন, ‘খুবই সাধারণ একজন মেয়ে তিনি। আমিও সাধারণ একজন ছেলে। তাই আমাদের দুজনের এক হওয়াটাও খুব সাধারণ একটা ঘটনা।’
বসন্ত ভ্যালি স্কুলে পড়ালেখা শেষ করে দিল্লির লেডি শ্রীরাম কলেজে ভর্তি হন শহিদের চেয়ে বয়সে ১৩ বছরের ছোট মিরা রাজপুত। সেখানে ইংরেজিতে স্নাতক করছেন তৃতীয় বর্ষের ছাত্রী মিরা। রাধা স্বামী সৎসঙ্গ বেয়াস নামের একটি ধর্মীয় সংগঠনের অনুসারী শহিদ ও তাঁর বাবা পঙ্কজ কাপুর। ধর্মীয় সংগঠনটিতেই মিরার সঙ্গে শহিদের পরিচয় হয়।
আরও পড়ুন:
শহিদের বিয়ে ১০ জুন!