মিষ্টি মেয়ের টক শো

তিনি যেন এখনো সাত বছর বয়সী সেই ছোট্ট দুষ্টু-মিষ্টি মেয়ে। ভিনগ্রহের আগন্তুকের জন্য তাঁর সে কী ভালোবাসা! ড্রিউ ব্যারিমোরকে মিষ্টি মেয়ে হিসেবেই মনে রেখেছে হলিউড। সেই মিষ্টি মেয়ে এবার আসছে ‘টক শো’ নিয়ে। তাঁর মাপের কোনো হলিউড তারকার ক্যারিয়ারের ছক বদলে টক শো উপস্থাপক হয়ে যাওয়ার নজির খুব বেশি নেই।
টক শো–টির নির্বাহী প্রযোজক জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনেরেস। প্রযোজনা সংস্থা ‘আ ভেরি গুড প্রোডাকশন’-এর ব্যানারে এরই মধ্যে কাজ করছেন ব্যারিমোর। ‘ফার্স্ট ডেটস’ নামের টিভি সিরিজের ধারা বর্ণনা তাঁর কণ্ঠে। শিকাগোর এই রেস্তোরাঁয় প্রথমবারের মতো অভিসার করতে যাওয়া কপোত-কপোতীদের নিয়ে এই শো।
সেখান থেকেই ব্যারিমোরকে পুরো একটা শো উপস্থাপনার প্রস্তাব দিয়েছেন ডিজেনেরেস। এখন চলছে কথাবার্তা। শিগগিরই হয়তো টক শো উপস্থাপক হিসেবে দেখা যাবে সেই মিষ্টি হাসির মেয়েটিকে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর কমেডি ছবি সান্তা ক্লারিতা ডায়েট। ভ্যারাইটি।