মিস্টার স্যরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার
অক্ষয় কুমার

শুধু বলিউডের ছবিতেই নয়, বাস্তবেই রীতিমতো মারপিটের তালিম নিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। তায়কোয়ান্দোতে তাঁর একটি ব্ল্যাক বেল্ট আছে। সাহস আর ক্ষিপ্রতায় চিতার মতোই দ্রুতগতি অক্ষয়, বলিউডের সিনেমায় যা আমরা হামেশাই দেখি। সেই তিনিই কিনা এক অনুষ্ঠানে সম্প্রতি জানিয়েছেন বাড়িতে স্ত্রী টুইঙ্কেলের কাছে নিয়মিত গালমন্দ খেতে হয় তাঁকে। আর যখনই কোনো ঝগড়া হয় দুজনের মধ্যে; অক্ষয়কেই এগিয়ে গিয়ে স্ত্রীর কাছে কাঁচুমাচু হয়ে বলতে হয়— স্যরি। বলিউডের মারকুটে নায়ক এখন বাড়িতে তাঁর স্ত্রীর কাছে ‘মিস্টার স্যরি’ হয়েই টিকে আছেন।
সম্প্রতি টুইঙ্কেল খান্নার লেখা বইয়ের প্রকাশনা উৎসবে এমন কথাই জানিয়েছেন অক্ষয়। অবশ্য সে সময় তাঁর স্ত্রী পাশেই ছিলেন। রসিকতার মোড়কে বলা তাঁর এ কথায় টুইঙ্কেলের প্রতিক্রিয়া অবশ্য সবাই টের পাননি। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
চেহারায় এক ধরনের মায়া আছে। স্নিগ্ধ মিষ্টি চেহারার টুইঙ্কেল খান্না একসময় বলিউডে অভিনয় করেছেন। উঠতি তারকা হিসেবে এক ধরনের সম্ভাবনাও তৈরি হয়েছিল তাঁর ক্যারিয়ারে। কিন্তু বলিউডের মারদাঙ্গা ছবির নায়ক অক্ষয় কুমারকে বিয়ে করেই বলিউড ছেড়ে দিলেন তিনি। বলা চলে অক্ষয় কুমারকে বিয়ে করার পর একেবারে পাকা গৃহিণীই বনে গিয়েছিলেন রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কেল খান্না। নিজের নতুন লেখক পরিচয়ের পাশাপাশি টুইঙ্কেল ব্যস্ত থাকেন তাঁর ইনটিরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা নিয়ে। অবশ্য, অভিনেত্রী হওয়ার আগে ইনটিরিয়র ডিজাইন ও স্থাপত্যবিদ্যায় পড়ালেখা করেছেন টুইঙ্কেল। সংসার জীবনে এসে এবার সেটাই কাজে লাগাচ্ছেন তিনি। দক্ষিণ মুম্বাইয়ে ঘর সাজানোর দারুণ নকশার নানা রকমের সামগ্রীর একটি দোকান রয়েছে তাঁর।