মীনাম্মারূপে ফিরছেন দীপিকা!
আট বছর পার হয়ে গেছে, তবে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির মীনাম্মা চরিত্রটি এখনো সিনেমাপ্রেমীদের স্মৃতিতে তাজা। রোহিত শেঠির এই ছবিতে দক্ষিণ ভারতের এক রক্ষণশীল পরিবারের সাদামাটা মেয়ের চরিত্রে অভিনয় করে মাত করেছিলেন দীপিকা পাড়ুকোন। আবার পর্দায় আসছে সেই মীনাম্মা। না, চেন্নাই এক্সপ্রেসের সিকুয়েল নয়। রোহিত শেঠির ‘সার্কাস’ ছবিতে মীনাম্মাকে আবার দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
রোহিত শেঠির ‘সার্কাস’ ছবিতে বলিউড অভিনেত্রী দীপিকাকে এক বিশেষ ভূমিকায় দেখা যাবে। উইলিয়াম শেক্সপিয়ারের ‘কমেডি অব এররস’ গল্পের আধারে ছবিটি বানাচ্ছেন রোহিত।
ছবির মূল চরিত্রে দেখা যাবে রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকুলিন ফারনান্দেজ আর বরুণ শর্মাকে। অনেকের মতে, রোহিতের এই ছবিতে দীপিকা অন্যতম সেরা অভিনয় করেছিলেন। কমেডি চরিত্রে সাধারণত নায়িকাদের এতটা সফলতা পেতে অতীতে দেখা যায়নি। মীনাম্মা চরিত্রটিকে তাই পর্দায় জীবন্ত করতে চাচ্ছেন রোহিত।
তবে শাহরুখ নয়, দীপিকাকে এই ছবিতে দেখা যাবে রণবীর সিংয়ের সঙ্গে। তাঁদের ধরা হয় বলিউডের অন্যতম সেরা হট জুটি। জানা গেছে, একটি দৃশ্য বা গানে রণবীরের সঙ্গে দীপিকাকে দেখা যাবে।
আগেও রোহিত এ রকম চমক দিয়েছিলেন। ইন্সপেক্টর সিংহামরূপী অজয় দেবগনকে ‘সিম্বা’ ছবিতে নিয়ে এসেছিলেন। ‘সূর্যবংশী’ সিনেমায়ও সিংহামকে আবার আনতে চলেছেন রোহিত। ‘সার্কাস’ ছবিতে মীনাম্মাকে পাওয়া সিনেমাপ্রেমীদের কাছে উপরি পাওনা হবে।
কিছুদিন আগে নতুন একটি ছবির ঘোষণা দিয়েছেন দীপিকা। হলিউডের একটা রোমান্টিক-কমেডি ছবিতে তাঁকে দেখা যাবে। এ ছাড়া রণবীর সিংয়ের সঙ্গে তিনি আসতে চলেছেন ‘এইটি থ্রি’ সিনেমায়। শাহরুখ খানের সঙ্গে দীপিকাকে ‘পাঠান’ ছবিতে দেখা যাবে। শকুন বাত্রার একটা ছবিতেও আছেন এই বলিউড নায়িকা। হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে তিনি ‘ফাইটার’ ছবিতে আসছেন। এ ছাড়া প্রভাসের নায়িকা হিসেবে তাঁকে ‘প্যান ইন্ডিয়া’ ছবিতে দেখা যাবে। ‘দ্য ইন্টার্ন'–এর রিমেকে আছেন দীপিকা। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন অমিতাভ বচ্চন।