মুক্ত করো ভয়

সংকোচের বিহ্বলতায় নিজের অপমান করে কী লাভ? সংকটের কল্পনাতেই বা শামুক–গুটিয়ে থাকা কেন? সময় হয়েছে পৃথিবীর মঞ্চে সদম্ভে, সগর্বে নিজের অস্তিত্ব জানান দেওয়ার। নারীদের নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হতে বললেন প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতের ছোট একটা গ্রাম থেকে উঠে এসে বক্সিংয়ের মতো ভারতে অপ্রচলিত খেলা দিয়ে বিশ্ব জয় করেছেন ম্যারি কম। আর তাঁকে নিয়ে বানানো ছবিতে কমের চরিত্রে বেশি বেশি দুর্দান্ত অভিনয় করা প্রিয়াঙ্কা এখন ভারতময় ঘুরে বেড়াচ্ছেন প্রচারণায়। গত মঙ্গলবার এসেছিলেন দিল্লিতে। এই দিল্লিতে দামিনীর সেই ঘটনা ঘটেছে। কিন্তু প্রিয়াঙ্কা বলছেন, তাই বলে দিল্লির মেয়েরা নিজেদের গুটিয়ে রাখবে কেন? ভয়হীন হয়ে বাঁচো। নিজের মতো করে বাঁচো।
আর নারীদের নির্ভয়ে চলাফেরা করার মতো পরিবেশ তৈরি করে দেওয়া যে রাষ্ট্রের দায়িত্ব, সেটাও মনে করিয়ে দেন তিনি, ‘আমি বলছি বটে দিল্লিতে নির্ভয়ে চলো, কিন্তু জানি কাজটা কঠিন। আমরা খুব ভালো একটা পরিস্থিতির মধ্যে নেই। কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত নিরাপদ একটা পরিবেশ তৈরি করে দেওয়া। কিন্তু যেহেতু সেটা ঘটছে না, আমাদের নিজেদের দায়িত্বটা নিজেদেরই নিতে হবে। আত্মরক্ষার কৌশল শেখো, চোখ জ্বলুনি স্প্রে সঙ্গে রাখো, সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাসী থেকো।’ টিএনএন।