মুখ খুলছেন আয়েশা টাকিয়া

রোববার মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাসায় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করা হলো। জানা গেছে, ছিছোড়ের মতো ব্যবসাসফল ও সমালোচকদের কাছ থেকে ভালো নম্বর পাওয়া ছবিতে অভিনয়ের পরও সুশান্তকে ৭টি ছবি থেকে বাদ দেওয়া হয়। সুশান্তের মৃত্যুর পর বলিউডের অনেকেই একে একে মুখ খুলছেন। এবার সেই তালিকায় যোগ হলো নতুন নাম, আয়েশা টাকিয়া।
বলিউড থেকে ছুটি নেওয়া ৩৪ বছর বয়সী এই তারকা স্বজনপ্রীতি, বুলিং, ট্রল নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। সোচা না থা, সালাম-ই-ইশক, ডোর, সানডে, ওয়ান্টেডখ্যাত এই তারকা কর্মক্ষেত্রে নিজের হেনস্তা হওয়ার অভিজ্ঞতা নিয়ে লিখেছেন। তিনি লেখেন, ‘আমি নিজেই কর্মক্ষেত্রে হেনস্তার শিকার হয়েছি। আমি আজ বিশ্বকে সব বলতে চাই। কেউ আপনাকে অনুভব করিয়েছে যে আপনি কোনো কাজেরই না? আমি জানি, তখন কেমন লাগে। আপনি (বিষণ্নতায় ভোগা মানুষ) একা নন। আমি আপনাদের সঙ্গে আছি। আপনি, আমরা প্রত্যেকে বিশেষ আর সবার থেকে আলাদা। মন খুলে কথা বলুন। বিশ্বাস করুন, আপনি একজন বিজয়ী।’

আয়েশা আরও বলেন, ‘এই বিশ্বকে আরও সহনশীল হতে হবে। আরও নিরপেক্ষ আর ন্যায্য হতে হবে। আমাদের পরের প্রজন্ম যেন আরেকটু ভালোভাবে বাঁচতে পারে, আমাদের সেটা নিশ্চিত করতে হবে। আপনি কি আরেকটু সহিষ্ণু হতে পারেন না? পারেন! একটা মানুষ কেমন অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে, সেটা হৃদয় দিয়ে অনুভব করুন। অন্তত চেষ্টা করুন। না জেনে, না বুঝে মন্তব্য করা বন্ধ করুন।’
আত্মহত্যা করার আগে সুশান্ত দীর্ঘদিন ধরে বিষণ্ণতার সঙ্গে বাস করেছেন, চিকিৎসকের পরামর্শও নিয়েছেন। ওষুধও খেয়েছেন। কিন্তু শেষ রক্ষা হলো না।