মুখ ফসকে প্রেমিকের নাম...

‘স্বীকারও করেন না, অস্বীকারও করেন না’ অবস্থায় আর কত কাল থাকা যায়। প্রেম আর আগুন নাকি চেপে রাখা যায় না। বলিউড তারকা দীপিকার হয়েছে সেই দশা। ডুবে ডুবে জল খেয়েই যাচ্ছেন তিনি, অথচ কেউ কিছু আঁচ করতে পারছেন না। তাতে কী? নিজেই মুখ ফসকে বলে দিয়েছেন প্রেমিকের নাম। রণবীর সিংই যে তাঁর প্রেমিক, এই প্রথমবারের মতো সে কথা বলে ফেললেন বলিউডের ‘পিকু’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে দীপিকার অভিনয় করাটা রণবীর সিং কীভাবে দেখেন! দীপিকাও চটাং করে জবাব দেন, ‘প্রেমিক নিরাপদ না অনিরাপদ এমন প্রশ্ন করা ঠিক নয়! বরং রণবীরকে এই প্রশ্ন করতে পারেন।’ এই অভিনেত্রী বলেন, ‘সম্পর্কে’র জায়গাটায় সৎ থেকেই তিনি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন।
দীপিকার এই চমকপ্রদ উত্তরকে পাগলের প্রলাপ ভাবা ঠিক হবে না। বরং ভেবে নেওয়া যাক, শিগগির এই নায়িকা তাঁর প্রেমের সম্পর্কের কথা জানাবেন সবাইকে।
উল্লেখ্য ৬১তম ফিল্মফেয়ার পুরস্কারের অনুষ্ঠানে দীপিকাকে নিয়ে এরকম আরও মজার কিছু ঘটনা ঘটেছে। সেসব ঘটনা থেকে সিদ্ধান্তে আসা যায়, রণবীর সিংই দীপিকার নতুন প্রেমিক। টাইমস্ অব ইন্ডিয়া