মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও কঙ্গনা রনৌত
শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও কঙ্গনা রনৌত

এ সময় বলিউডের রানির মুকুট নিয়ে জোর লড়াই চলছে তাঁদের মধ্যে। দুজনই যে বক্স অফিসে এনে দিচ্ছেন টাকার বন্যা। দীপিকা পাড়ুকোন আর কঙ্গনা রনৌতের লড়াইটা এবার মুখোমুখি হয়ে গেল। সেটিও শাহরুখ খানকে নিয়ে। দুজনই যে শাহরুখের বিপরীতে প্রেম করার জন্য মুখিয়ে আছেন। দুই ফুল, এক মালি!
না, প্রেমটা রুপালি পর্দাতেই করবেন। দীপিকার ক্যারিয়ার শুরুই হয়েছিল শাহরুখের বিপরীতে। এরপর দুজন মিলে আরও একটি সুপারহিট ছবি চেন্নাই এক্সপ্রেস করেছেন। অথচ কঙ্গনার এখনো শাহরুখের সঙ্গে সেভাবে কাজই করা হয়ে উঠল না।
দারুণ সুযোগ এসেছিল। আনন্দ এল রাইয়ের নতুন ছবিতে শাহরুখ থাকছেন। কঙ্গনাও থাকবেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু তানু ওয়েডস মানু রিটানর্স ছবিতে কঙ্গনা নাকি ভীষণ ‘প্যারা’ দিয়েছেন। আনন্দের সেই নিরানন্দ অভিজ্ঞতার কারণে কঙ্গনাকে সরিয়ে দীপিকার কথা ভাবা হয়। কথাও অনেক দূর এগিয়ে যায়। এরই মধ্যে কঙ্গনা এখন আনন্দের সঙ্গে পুরোনো সম্পর্ক ঝালাই করে নিয়েছেন। শাহরুখের সঙ্গে কাজ করতে তিনি এতটাই মরিয়া। কিন্তু দীপিকাই বা এত সহজে পিছু হটবেন কেন?
এ যেন পর্দার বাইরেই ত্রিমুখী সম্পর্কের টানাপোড়েন নিয়ে আরেক গল্প! বলিউড লাইফ।