মুখোমুখি দীপিকা-রণবীর-ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ আর দীপিকা পাডুকোণ। প্রথমজন রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা, আরেকজন সাবেক। সম্প্রতি মেহবুব স্টুডিওতে মুখোমুখি হন রণবীর-দীপিকা-ক্যাটরিনা। বরফশীতল দৃষ্টি বিনিময় হয় দীপিকা ও ক্যাটরিনার মধ্যে।
রণবীর-দীপিকার প্রেম ভেঙে গেলেও এখনো তাঁরা বন্ধু ও সহকর্মী। ‘তামাশা’ ছবিতে জুটি বেঁধেছেন। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হওয়ার পর বান্দ্রার মেহবুব স্টুডিওতে আয়োজিত এক পার্টিতে আনন্দে মেতে ওঠেন ছবির দলের সবাই। একপর্যায়ে ছবির নামের মতো বাস্তবেও তামাশা শুরু হয়ে যায়। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে ক্যাটরিনা গিয়ে হাজির হন মেহবুব স্টুডিওতে। এভাবে একই ছাদের নিচে মুখোমুখি হন রণবীর-দীপিকা-ক্যাটরিনা। মুহূর্তেই পার্টির আনন্দের উত্তাপ ফুরিয়ে যেন বরফের শৈত্য নেমে আসে।
ক্যাটরিনা কেন এমন অপ্রত্যাশিত অতিথি হয়ে মেহবুব স্টুডিওতে গেলেন তা ঠিক নিশ্চিত নয়। তবে বলা হচ্ছে, প্রেমিক রণবীরের সঙ্গে দেখা করতেই নাকি মেহবুব স্টুডিওতে যান ক্যাট। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।
এদিকে, ইমতিয়াজ আলী পরিচালিত ‘তামাশা’ ছবির শেষ দৃশ্যে অভিনয় শেষ করে শুটিং ইউনিটের সবার সামনেই কেঁদে ফেলেন রণবীর-দীপিকা। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বরাবরই জনসমক্ষে আবেগ প্রকাশ করা থেকে বিরত থেকেছেন রণবীর-দীপিকা। কিন্তু ‘তামাশা’ ছবির শুটিংয়ের শেষদিনে সবার সামনেই কেঁদে ফেলেন তাঁরা। একটি ছবি তৈরিতে প্রায় বছর পেরিয়ে যায়। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার ফলে তাই পরস্পরের প্রতি মায়াও জন্ম নেয়। রণবীর-দীপিকার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে। আর কে না জানে বিদায় সব সময়েই দুঃখের।