মুম্বাই ডন দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

বিশাল ভরদ্বাজের ছবিতে অপরাধজগতের কুখ্যাত ডনের চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। আর বলিউড সুন্দরীর বিপরীতে থাকবেন ইরফান খান। পিকু ছবির পর বলিউডের দুই তারকাকে আবার একসঙ্গে দেখা যাবে। নাম ঠিক না হওয়া এই ছবিতে মুম্বাইয়ের কুখ্যাত অপরাধী ‘রহিমা খান’ ওরফে ‘স্বপ্না দিদি’র চরিত্রে অভিনয় করবেন পিকুখ্যাত অভিনেত্রী। সাহিত্যিক এস হুসেন জাইদির বই মাফিয়া কুইনস অব মুম্বাই-এর একটি অধ্যায়ের ভিত্তিতে নির্মাণ করা হচ্ছে ছবিটি।বিশাল ভরদ্বাজের এ ছবিতে ইরফান খানকে দেখা যাবে স্থানীয় গ্যাংস্টারের ভূমিকায়।

দীপিকা ও ইরফানের ছবিটি পরিচালনা করবেন ওমকারা, কামিনে এবং উড়তা পাঞ্জাব-এর সহপরিচালক হানি ত্রেহান। ছবিটির প্রযোজক বিশাল বলেন, ‘দীপিকার সঙ্গে আমার কাজ।আমার এই ছবিতে দীপিকা অভিনয় করায় আমি খুবই উচ্ছ্বসিত। আমি মনে করি, দেশের অন্যতম সেরা অভিনেত্রী তিনি।’

প্রযোজক আরও বলেন, ‘এই ছবি ঘিরে আমি আরও উচ্ছ্বসিত, কারণ এটি পরিচালনা করছে হানি। হানি আর আমার বন্ধুত্ব দীর্ঘ কুড়ি বছরের।আমার প্রযোজিত ছবির মাধ্যমে হানি নিজস্ব পরিচালনায় বলিউডে প্রথম ছবি বানাবে। আর এই ছবির চরিত্রায়ণ দুর্ধর্ষ বলে আমি মনে করি।’

দীপিকা এখন ব্যস্ত সঞ্জয় লীলা বানসালিরপদ্মাবতীর শুটিংয়ে। সম্ভবত আগামী বছরের জানুয়ারি থেকে বিশাল ভরদ্বাজের নাম ঠিক না হওয়া ছবিটির শুটিং শুরু হবে। পিকুতে পাশের বাড়ির মেয়ে, সঞ্জয়ের আগামী ছবিতে রানি পদ্মাবতীর ভূমিকায়, এবার বলিউড সুন্দরী অপরাধজগতের কুখ্যাত ব্যক্তিত্ব—সত্যি একই অঙ্গে কত রূপ।