মুম্বাইতে গৌরীর রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোর কদমে কাজ চলছে। শিগগিরই মুম্বাইয়ের বুকে খুলতে চলেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের পত্নী গৌরী খানের রেস্তোরাঁ। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে প্রযোজনা এবং ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা শুরু করেন গৌরী। ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে তাঁর খ্যাতি বিদেশেও ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ের বহু সেলিব্রেটির বাড়ির অন্দরসজ্জা করেছেন তিনি।

এবার ফার্স্ট লেডি মুম্বাইয়ের বান্দ্রাতে খুলতে চলেছেন তাঁর রেস্তোরাঁ। রেস্তোরাঁর কিছু ছবি তিনি সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন। ছবিতে রেস্তোরাঁর অন্দরসজ্জা দেখে সবাই প্রশংসাও করেছেন। দ্বিতল এই রেস্তোরাঁটির নাম এখনো ঠিক হয়নি বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, বিখ্যাত শেফ অমনিন্দর সান্ধু দ্বারা পরিচালিত হবে এই ফুড জয়েনটি। ন্যাশনাল টুরিজম বোর্ডের পক্ষ থেকে অমনিন্দর সান্ধুকে ‘বেস্ট লেডি শেফ অব ইন্ডিয়া’ সম্মানে ভূষিত করা হয়। বিখ্যাত এই শেফ স্টারটার বিশেষজ্ঞ। তাই অবশ্যই এখানে স্টারটারের নতুন নতুন পদ থাকবে। শোনা গেছে, গৌরী খান রেস্তোরাঁটির অন্দরসজ্জার পাশাপাশি রসনার দিকটাও ভীষণভাবে গুরুত্ব দিচ্ছেন। আর এ-ও শোনা গেছে, রান্নার জন্য এখানে জ্বালানি হিসেবে গ্যাসের ব্যবহার হবে না।
সত্যি বলতে, গৌরীর কাছে বোধ হয় পরশপাথর আছে। কারণ, তিনি যাতেই হাত দেন, তা-ই সোনা হয়ে যায়। তাই আশা করা যাচ্ছে, এই রেস্তোরাঁটি অচিরেই হয়ে উঠবে ভোজনরসিকদের অন্যতম সেরা ঠিকানা।