মুম্বাইয়ে কাজলের দুর্গাপূজা

বলিউড তারকা কাজল আছেন দুর্গাপূজার আমেজে। এরই মধ্যে তাঁর ঠাকুর দর্শন শুরু হয়ে গেছে। গত শুক্রবার মা তনুজা আর বোন তানিশাকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলেন নর্থ বোম্বের সর্বজনীন দুর্গাপূজা সমিতির মণ্ডপে। তখনো প্রতিমা সাজানোর কাজ শেষ হয়নি। কিন্তু তাতে কী! সেই প্রতিমার সামনেই সবাই মিলে ছবি তুলেছেন। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘যাঁরা দেবীদের সাজাচ্ছেন, তাঁদের সঙ্গে দেখা করতে মুখার্জিরা দলবলে বেরিয়েছে। চমৎকার সব শিল্পী তাঁরা।’
এই পূজার আয়োজন করছেন কাজলের চাচাতো বোন শর্বানী মুখার্জি। ‘বর্ডার’ (১৯৯৭) ও ‘আঁচ’ (২০০৩) ছবিতে অভিনয় করেন তিনি। কাজল ও তানিশার বাবা চলচ্চিত্র নির্মাতা সমু মুখার্জির ছোট ভাই রনু মুখার্জি হলেন শর্বানীর বাবা। তনুজা, কাজল আর তানিশাকে মণ্ডপ ঘুরিয়ে দেখান শর্বানী মুখার্জি।
এদিকে কাজল এখন সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট দেওয়ার ব্যাপারে খুবই সতর্ক। কারণ, গত ৩০ এপ্রিল নিজের গার্লস গ্যাংয়ের সঙ্গে মুম্বাইয়ে এক বন্ধুর রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে যান কাজল। সেখানে কাজলের বন্ধু রায়ান একটি বিশেষ ডিশ তৈরি করেন। পুরো ব্যাপারটি কাজল তাঁর মুঠোফোনের ভিডিওতে ধারণ করেন। ভিডিওতে কাজল রায়ানের কাছে ডিশটির নাম জানতে চান। রায়ান বলেন, এটি গরুর মাংসের একটি ডিশ। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এই ভিডিও পোস্ট করেন কাজল। আর তাতেই ঘটে বিপত্তি। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কাজল গরুর মাংস খেয়েছেন! এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন কাজল। পরে ভিডিওটি টুইটার অ্যাকাউন্ট থেকে ডিলিট করা হলেও সমালোচনা অব্যাহত ছিল।
এরপর পরিবারের সদস্যদের নিয়ে তিনি গিয়েছিলেন অবকাশ যাপনের জন্য মালদ্বীপে। সেই ট্যুরের কিছু ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগের মাধ্যমের বন্ধুদের জন্য। তাঁর স্বামী অজয় দেবগন সেই মুহূর্তের নাম দিয়েছেন ‘ভিটামিন এফ’। এফ মানে ফ্যামিলি।