মৃণাল সেন ৯৪

বাংলা চলচ্চিত্রজগতের জীবন্ত কিংবদন্তি প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন গত শনিবার পা দিলেন ৯৪ বছরে। ১৯২৩ সালের ১৪ মে তিনি জন্মেছিলেন বাংলাদেশের ফরিদপুর জেলায়। শৈশব ও কৈশোর কেটেছে সেখানেই। ১৯৪৩ সালে তিনি চলে আসেন কলকাতায়।
প্রথিতযশা এই চলচ্চিত্রকারের জন্মদিন উপলক্ষে গত শনিবার তাঁকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন কলকাতার তারকারা। এসেছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি দক্ষিণ কলকাতায় মৃণাল সেনের বাসভবনে গিয়ে চলচ্চিত্রকারকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আসেন পরিচালক গৌতম ঘোষসহ টালিউডের তারকারা। শুভেচ্ছা জানান চিত্রতারকা প্রসেনজিৎ।
বার্ধক্যজনিত অসুস্থতায় মৃণাল সেন বেশ কিছুদিন ধরে বাড়িতেই আছেন। ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বশ্রেষ্ঠ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তাঁর পরিচালিত বেশ কয়েকটি ছবি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, গ্রিস, মিসর, স্পেন, ইতালি, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত বড় বড় উত্সবে তাঁর ছবি পুরস্কৃত হয়েছে। তিনি বাংলা ছাড়াও হিন্দি, উড়িয়া ও তেলেগু ভাষায় ছবি তৈরি করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি এসে দাঁড়িয়েছিলেন মুক্তিযোদ্ধাদের পাশে।
মৃণাল সেনের পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ভুবন সোম, মৃগয়া, কোরাস, আকালের সন্ধানে, কলকাতা-৭১, খারিজ, পদাতিক, আমার ভুবন, পুনশ্চ, আকাশ কুসুম, অন্তরীণ, পরশুরাম, একদিন প্রতিদিন উল্লেখযোগ্য।