মেজাজ খারাপ ছিল, তাই...!

সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে এমনিতে বেশ আন্তরিক ব্যবহারই করেন অভিষেক বচ্চন। কিন্তু সেদিন ফারাহ খানের জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার সময় তাঁর আচরণ সবাইকে বিস্মিতই করেছে। ফারাহ খানের বাড়ির বাইরে অপেক্ষমাণ আলোকচিত্রীদের গায়ের ওপর দিয়েই যেন গাড়ি হাঁকিয়ে যেতে চেয়েছিলেন অভিষেক। অবশ্য গাড়ি চালাচ্ছিলেন অভিষেকের গাড়ির চালকই। কিন্তু কে না জানে মনিবের মর্জিমাফিকই চলতে হয় কর্মচারীদের। অনেকেই অভিষেকের এই অদ্ভুত আচরণে বিস্মিত হয়ে মন্তব্য করেছেন, ‘মেজাজ খারাপ ছিল তো, তাই!’
ঘটনাটি ঘটেছিল ফারাহ খানের আন্ধেরির ডেরায়, জানুয়ারির ৯ তারিখে। কোরিওগ্রাফার, নির্মাতা ফারাহ খানের জন্মদিন উপলক্ষে সেদিন সেখানে বলিউডের অনেক তারকাই এসেছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, গৌরি খান, পরিনীতি চোপড়া, কৃতি শ্যানন, টাবু, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় লীলা বনশালীসহ আরও অনেকে। এসেছিলেন ‘ছোটে বচ্চন’ অভিষেকও। অনুষ্ঠানের শুরু থেকে সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু ঝামেলা শুরু হয়েছিল ঠিক তখনই, যখন অভিষেক অনুষ্ঠান থেকে ফেরার সময় তাঁর গাড়িতে চেপে রওনা হয়েছিলেন।
সাধারণত এ ধরনের অনুষ্ঠানে আলোকচিত্রী ও সংবাদমাধ্যমের কর্মীরা জড়ো হয়ে থাকেন বাড়ির সামনের রাস্তায়। কখন কোন তারকা বের হবেন সেই অপেক্ষাতেই থাকেন তাঁরা। আর তারকারাও এ সময় আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ দিতে কিছুটা ধীর গতিতেই চালককে গাড়ি চালাতে বলেন।
যা-হোক, অভিষেক বচ্চন যখন অনুষ্ঠান থেকে বের হয়ে গাড়িতে উঠছিলেন, সে সময় তাঁকে দেখতে পেয়ে আলোকচিত্রীরা ক্যামেরা তাক করে গাড়ির দিকে এগিয়ে আসেন। গাড়িতে বসা অভিষেক তখন বারবার ধমক দিয়ে আলোকচিত্রীদের তাঁর ছবি তুলতে নিষেধ করছিলেন। আর এ সময় গাড়ির চালকও যেন অভিষেকের মেজাজ বুঝে হঠাৎ বেশ জোরে গাড়ি চালিয়ে রওনা দেন। দ্রুত গতি তোলা অভিষেকের গাড়িটির ঠিক সামনে দাঁড়ানো এক আলোকচিত্রী এ সময় অল্পের জন্য রক্ষা পান। যদিও অভিষেক তাঁকে আলাদাভাবে বলেছেন, এভাবে কেন গাড়ির সামনে এসেছেন? গাড়িচাপা পড়লে কী হতো!’ কিন্তু ছবি না তোলার জন্য অভিষেকের ধমকের কারণে মনঃক্ষুণ্ন হয়েছেন উপস্থিত অধিকাংশ আলোকচিত্রী ও সংবাদমাধ্যমের কর্মীরা। টাইমস অব ইন্ডিয়া।