মেজাজ হারালেন জন আব্রাহাম

বলিউড অভিনেতা জন আব্রাহাম ঠান্ডা মেজাজের মানুষ হিসেবেই পরিচিত। কিন্তু সবকিছুরই তো একটা সীমা আছে। মজা করতে করতে কমেডিয়ানরা যেন মাঝেমধ্যে সেই সীমা অতিক্রম করে ফেলেন। সম্প্রতি একটি কমেডি শোতে গিয়ে একপর্যায়ে রাগ করে চলে আসেন জন। ‘কমেডি নাইটস বাজাও তাজা’ নামের সেই অনুষ্ঠানের সঞ্চালক কৃষ্ণা অভিষেক।
জন আব্রাহাম ও সোনাক্ষী সিনহা তাঁদের আসন্ন ছবি ‘ফোর্স ২’-এর প্রচারের জন্যই এই কমেডি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে জনের পুরোনো কিছু সিনেমা নিয়ে ঠাট্টা করতে আরম্ভ করেন কৃষ্ণা। এতেই মনে আঘাত লাগে জনের। এরপর তিনি অনুষ্ঠান ছেড়ে সোজা হাঁটা ধরেন। পরে কৃষ্ণা তাঁকে মানানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি।
এ ঘটনায় অবশ্য কৃষ্ণা নিজেও অনুতপ্ত। কারণ, কিছুদিন আগে কৃষ্ণার বাবা মারা যাওয়ার পর বলিউডের তারকাদের মধ্যে একমাত্র জনই তাঁকে সান্ত্বনা জানাতে ফোন করেছিলেন। তাই জন আব্রাহামকে নিজের অজান্তেই কষ্ট দিয়ে অনুতপ্ত এই কমেডিয়ান।
উল্লেখ্য, কিছুদিন আগে এই একই অনুষ্ঠান থেকে রাগ করে চলে এসেছিলেন বলিউড অভিনেত্রী তনিষ্ঠা চ্যাটার্জি। ইন্ডিয়া টাইমস।