মেহেদি অনুষ্ঠানে প্রেমিকসহ প্রিয়াঙ্কা

গোয়ার সমুদ্রসৈকত থেকে ঘুরে এসে প্রেমিকা প্রিয়াঙ্কার সঙ্গে মেহেদি অনুষ্ঠানে যোগ দিলেন নিক জোনাস। এটি অবশ্য সাধারণ কোনো মেহেদি অনুষ্ঠান ছিল না, ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি ও তাঁর বাগদত্তা সুখলা মেহতার। গতকাল বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে আম্বানির বাড়িতে এই মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাদা রঙের শাড়িতে মুম্বাইয়ে আম্বানির বিলাসবহুল বাসভবনে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে নিকের পরনে ছিল সাদা রঙের শার্ট ও কালো স্যুট।
২১ জুন প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে এসেছেন যুক্তরাষ্ট্রের গায়ক নিক জোনাস। এর কিছুদিন আগে নিক জোনসের ভাইয়ের বিয়ের দাওয়াতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। ওই সময়টাতে নিকের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখাও করেছেন প্রিয়াঙ্কা। এক খবরে এমনটাই জানিয়েছে ইন্ডিয়া টুডে।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস মেহেদি অনুষ্ঠানের আগত অতিথিদের সঙ্গে দেখা করেছেন। আড্ডাও দিয়েছেন। সেই আড্ডার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তবে কোনোটিতে প্রিয়াঙ্কা ও নিককে একসঙ্গে দেখা যায়নি।
মুকেশ আম্বানির ছেলে ও তাঁর হবু স্ত্রীর সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে প্রিয়াঙ্কা লিখেন, ‘অভিনন্দন আকাশ ও সুখলা। আসলেই অসাধারণ একটি অনুষ্ঠান। দুজনের প্রতিই ভালোবাসা। বাগদানের অনুষ্ঠান।’ এরপর মা মধু চোপড়ার সঙ্গে তাজ কোলাবায় মেহেদি অনুষ্ঠানের খাবার সারেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, প্রিয়াঙ্কা ও নিক।
শোনা যাচ্ছে, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়েটা হয়েই যাচ্ছে। পরিস্থিতিও নাকি তেমনই জানান দিচ্ছে। জনপ্রিয় সাময়িকী ফিল্মফেয়ারের অনলাইন সংস্করণ থেকে জানা গেছে, আগামী জুলাই অথবা আগস্ট মাসে তাঁদের বাগদান হবে। আর তাই নিক জোনাসকে নিজের পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভারতে নিয়ে এসেছেন প্রিয়াঙ্কা। এরই মধ্যে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া আর ভাই সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে নিকের আলাপ হয়েছে। মুম্বাইয়ে বান্দ্রার এক রেস্তোরাঁয় তাঁরা একসঙ্গে রাতের খাবার খেয়েছেন। এ সময় পরিবারের আরও কয়েকজন ছিলেন তাঁদের সঙ্গে। মধু চোপড়ার ভাষায়, ‘আমরা ১০ জন ছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে শুধু রাতের খাবার খেয়েছি। সেদিন দলবল বড় ছিল, ভালো করে নিকের সঙ্গে কথা বলা হয়নি, তাই চেনার সুযোগটাও হয়নি।’
৩৫ বছর বয়সী প্রিয়াঙ্কা চোপড়া কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে নিকের কাজিনের বিয়েতে তাঁর ভাই কেভিন জোনাস, ভাবি ও তাঁদের সন্তানদের সঙ্গে দেখা করেছেন। আড্ডা দিয়েছেন প্রেমিকের পরিবারের বন্ধুদের সঙ্গে।
২০১৭ সালে মেট গালায় (নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিক অব আর্টস কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের বার্ষিক আয়োজন) ২৫ বছর বয়সী সংগীতশিল্পী-অভিনেতা নিক জোনাসের সঙ্গে পরিচয় প্রিয়াঙ্কার। ওই অনুষ্ঠানের লালগালিচায় একসঙ্গে ক্যামেরাবন্দী হন তাঁরা। এরপর গুজব ছড়ায়, তাঁদের মধ্যে গড়ে উঠেছে সখ্য। এ বছরের মেট গালায় একই টেবিলে বসে দুজনের জম্পেশ আড্ডা দেওয়ার ফলে মন দেওয়া-নেওয়ার গুঞ্জনের পালে হাওয়া লাগে। এই সময় প্রিয়াঙ্কা সম্পর্কে নিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা ভালো মানুষ।’