মোদির চেয়ে এগিয়ে অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন দুজনই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দারুণভাবে সক্রিয়, কিন্তু জনপ্রিয়তায় কে এগিয়ে? দেখা যাচ্ছে, খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে ভারতের প্রধানমন্ত্রীর চেয়ে এগিয়ে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি টুইটারে এক কোটি অনুসারীর (ফলোয়ার) মাইলফলক ছুঁয়েছে অমিতাভের টুইটার অ্যাকাউন্ট। জনপ্রিয়তার দিক থেকে নরেন্দ্র মোদি ছাড়াও বলিউড অভিনেতা শাহরুখ, আমির, সালমান, এমনকি প্রিয়াঙ্কা চোপড়াকেও পেছনে ফেলেছেন অমিতাভ।
টুইটারে শাহরুখের অনুসারীর সংখ্যা ৮৭ লাখের বেশি। নরেন্দ্র মোদির ৭০ লাখ আর প্রিয়াঙ্কা চোপড়ার ৬৮ লাখ। টুইটারে অমিতাভের জনপ্রিয়তার নেপথ্যে রয়েছে তাঁর সক্রিয়তা। টুইটারে তিনি আছেন ২০১০ সাল থেকে। এখানে ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে টুইট করেন তিনি। টুইটার ছাড়াও ব্লগ ও ফেসবুকে নিয়মিত পোস্ট করেন বলিউডের প্রভাবশালী এই অভিনেতা। মাত্র কয়েক দিন আগেই ফেসবুকে দেড় কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেন ৭১ বছর বয়সী অমিতাভ। এবার টুইটারে এক কোটি অনুসারী পেয়ে দারুণ খুশি তিনি! উচ্ছ্বসিত অমিতাভ তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘১০ মিলিয়ন!! টুইটারে!! ইয়াহ!! আমার অনুসারী সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী লক্ষ্য ২০ মিলিয়ন!!’ এনডিটিভি