মেয়েকে গর্বিত করতে চান শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ কাপুর
শহীদ কাপুর

এ বছরের আগস্টে মেয়ের বাবা হয়েছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। নিজের নতুন এই পরিচয়ে ভীষণ গর্বিত তিনি। আর মেয়েকেও করতে চান গর্বিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা বলেন, ‘হায়দার’ অভিনেতা শহিদ।

শহিদের কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, তিনি কী তাঁর পুরোনো জীবনে ফিরে যেতে চান? যে জীবনে তিনি একা ছিলেন, স্ত্রী-সন্তান ছাড়া। জবাবে শহীদ বলেন, ‘আমি আমার এই জীবন থেকে ফিরে যেতে চাই না। আমার ধারণা, কেবল একজন বাবা-ই এ অনুভূতিটা বুঝতে পারবেন। এটা আসলে বলে বোঝানো যাবে না। এই বোধ আমাকে মানসিক শক্তি দেয়। আমার নিজেকে শক্তিশালী মনে হয়। কারণ, আমি আমার মেয়ের জন্য লড়াই করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি আমার মেয়ের জন্য নিজের সেরাটা দিতে চাই। আমি প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতি করছি। কারণ, আমি আমার মেয়েকে গর্বিত করতে চাই। এমন কিছু হতে চাই, যেন আমার মেয়ে মিশা আমাকে নিয়ে গর্ব করতে পারে।’

শহীদ জানান, নতুন এই সম্পর্কগুলো তাঁর মধ্যে অভিনেতা হিসেবে কোনো পরিবর্তন আনতে পেরেছে কি না, সেটা তাঁর জানা নেই। তবে, মানুষ হিসেবে তাঁর অনেক পরিবর্তন হয়েছে।

গত বছরের ৭ জুলাই মিরা রাজপুতকে বিয়ে করেন শহীদ কাপুর। এনডিটিভি।