মেয়েটার দাবি অনুরাধা তাঁর মা, অনুরাধা বলছেন 'না'

ভারতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়ালকে নিজের মা বলে দাবি করেছেন কেরালার কারমালা মোডেক্স। ইন্ডিয়া টুডের অনলাইন সংস্করণে গতকাল শুক্রবার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ ভারতের এই রাজ্যের রাজধানী ঠিরুভানান্থাপুরামের পারিবারিক জেলা আদালতে ৪৫ বছর বয়সের এই মহিলা অনুরাধা পাড়োয়ালের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তাতে তিনি দাবি করেছেন, অনুরাধা পাড়োয়াল তাঁর মা আর বাবা অরুণ পাড়োয়াল।
এ ব্যাপারে ডিএনএ-কে অনুরাধা পাড়োয়াল বলেছেন, ‘এমন বোকা বোকা কথা নিয়ে কিছু বলতে চাই না। এ বিষয় নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধছে।’
কারমালা মোডেক্সের দাবির ব্যাপারে অনুরাধা পাড়োয়ালের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মেয়েটা মানসিক সমস্যায় ভুগছে। অনুরাধা পাড়োয়ালের মেয়ে কবিতা পাড়োয়ালের জন্ম ১৯৭৪ সালে। তার বয়স এখন ৪৫। আর কারমালা মোডেক্সেরও বয়সও ৪৫ বছর। সেটা কীভাবে সম্ভব? তার মানে মেয়েটা মিথ্যা বলছে। মেয়েটা একাধিকবার অনুরাধা পাড়োয়ালের স্বামীকে যুক্ত করে কিছু কথা বলেছে। সে দাবি করেছে, অনুরাধা পাড়োয়ালের স্বামী সব জানেন। তাঁর কাছ থেকে আসল তথ্য জানা যাবে। অথচ সে জানে না, অরুণ পাড়োয়াল অনেক আগে মারা গেছেন। মেয়েটা যদি সত্যি সত্যি অনুরাধা পাড়োয়ালের মেয়ে হতো, তাহলে সে মাকে ফিরে পাওয়ার চেষ্টা করবেন। কিন্তু সে ৫০ কোটি রুপি চেয়েছে। মেয়েটা অনুরাধা পাড়োয়ালের সম্মানহানির চেষ্টা করছে, তার সঙ্গে প্রতারণা করছে।’
ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকমকে কারমালা মোডেক্স বলেছেন, তাঁর বয়স যখন ৪ দিন, অনুরাধা পাড়োয়াল ও অরুণ পাড়োয়াল তখন তাঁকে পন্নাচানের কাছে দিয়ে দেন। পন্নাচান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কেরালার অধিবাসী হলেও চাকরিসূত্রে তখন ছিলেন মহারাষ্ট্রে। পন্নাচান আর তাঁর স্ত্রী অ্যাগনেস ছিলেন অনুরাধা পাড়োয়াল ও অরুণ পাড়োয়ালের খুব পরিচিত।
কারমালা মোডেক্স আরও দাবি করেছেন, সংগীতে নিজের ক্যারিয়ার গড়াতে আর সাফল্য পাওয়ার জন্য ওই সময় অনুরাধা পাড়োয়াল মেয়েকে নিতে অস্বীকার করেন। পরে তাঁরা পন্নাচান আর অ্যাগনেস দম্পতির হাতে মেয়েকে তুলে দেন। পুরো ব্যাপারটি গোপনই ছিল। বছর পাঁচেক আগে পন্নাচানের কাছ থেকে তা প্রথম জানতে পারেন কারমালা মোডেক্স। তিনি জানতে পারেন, পন্নাচান তাঁর পালক বাবা আর তাঁর সত্যিকারের বাবা-মা অরুণ পাড়োয়াল ও অনুরাধা পাড়োয়াল।
পুরো ঘটনা জানার পর বিভিন্নভাবে অনুরাধা পাড়োয়ালের সঙ্গে দেখা করার চেষ্টা করেন কারমালা মোডেক্স। কিন্তু তিনি ব্যর্থ হন। অনুরাধা পাড়োয়াল তাঁকে কোনোভাবেই সহযোগিতা করেননি।
শেষ পর্যন্ত ৫০ কোটি রুপি আর্থিক ক্ষতিপূরণ চেয়ে ঠিরুভানান্থাপুরামের পারিবারিক জেলা আদালতে তিনি মামলা করেছেন। পাশাপাশি অরুণ পাড়োয়ালের সম্পত্তি থেকেও অধিকার চেয়েছেন। আর আদালতে বিষয়টি মীমাংসা না হওয়ার আগে কেউ যেন অরুণ পাড়োয়ালের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে না পারেন, তার নির্দেশনাও চাওয়া হয়েছে আদালতে।
কারমালা মোডেক্সের মতে, অনুরাধা পাড়োয়ালের কারণে তাঁর শৈশব নষ্ট হয়েছে। বাবা-মায়ের আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন। তাঁর ভবিষ্যৎ হয়তো আরও সুন্দর হতে পারত, কিন্তু অনুরাধা পাড়োয়ালের উচ্চাকাঙ্ক্ষার কারণে তা হয়নি। তাই এই ক্ষতিপূরণ তিনি চেয়েছেন।
ঠিরুভানান্থাপুরামের পারিবারিক জেলা আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং ২৭ জানুয়ারি আদালতে অনুরাধা পাড়োয়ালকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
এদিকে কারমালা মোডেক্সের আইনজীবী অনিল প্রসাদ বলেছেন, ‘যদি অনুরাধা পাড়োয়াল কারমালা মোডেক্সকে অস্বীকার করেন, তাহলে আমরা তাঁদের ডিএনএ পরীক্ষার দাবি জানাব।’
কারমালা মোডেক্স এখন যাঁকে পালক বাবা বলছেন, সেই পন্নাচান এরই মধ্যে মারা গেছেন। তাঁর স্ত্রী অ্যাগনেস আলঝেইমার রোগে ভুগছেন। কারমালা মোডেক্সের আইনজীবীর মতে, পুরোনো কোনো কিছুই এখন আর তিনি মনে করতে পারেন না।
বলিউডের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক অরুণ পাড়োয়াল ১৯৯১ সালের ১ নভেম্বর মারা গেছেন। গালফ নিউজ থেকে জানা গেছে, অরুণ পাড়োয়াল ও অনুরাধা পাড়োয়ালের তিন সন্তান। ছেলে আদিত্য পাড়োয়াল ও মেয়ে কবিতা পাড়োয়াল। আরেক সন্তান ১ মাস বয়সে মারা গেছে। অনুরাধা পাড়োয়ালের বয়স এখন ৬৭ বছর। ২০১৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ১৯৮৯ সালে। আরও পেয়েছেন মহারাষ্ট্র সরকারের দেওয়া ‘মোহাম্মদ রফি পুরস্কার’, মধ্যপ্রদেশ সরকারের দেওয়া ‘লতা মঙ্গেশকর পুরস্কার’ ও ‘মাদার তেরেসা পুরস্কার’। তিনি চারবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।