মেয়েটি নানি–অন্তঃপ্রাণ
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন। অভিনয়ের জগৎ থেকে দূরে থাকেন শ্বেতার মেয়ে নব্যা নাভেলি নন্দা। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অগুনতি ভক্ত। হরহামেশা তাঁকে নিয়ে চর্চা। কখনো অভিনেতা তথা ড্যান্সার জাভেদ জাফরির ছেলে অভিনেতা মিজান জাফরির সঙ্গে তাঁর সম্পর্ক এ চর্চার কারণ, কখনোবা নব্যার সৌন্দর্য।
বিভিন্ন সমাজসেবামূলক কাজে সক্রিয় নব্যা। উদ্যোগী হিসেবে কম সময়ের মধ্যে দারুণ সফলতা পেয়েছেন ‘বিগ বি’র এই নাতনি। মেয়েদের বিভিন্ন শারীরিক সমস্যা–সম্বন্ধীয় অনলাইন সংস্থা ‘আরা হেলথ’-এর তিনি সহ-উদ্যোক্তা। এ ছাড়া ‘প্রজেক্ট নাভেলি’ নামের একটা প্রকল্প নিয়ে এসেছেন নব্যা।
এ প্রকল্পের মাধ্যমে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি। নাভেলির মাধ্যমে লিঙ্গসমতা নিয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন নব্যা। বাবা নিখিল নন্দার পারিবারিক ব্যবসাও দেখভাল করেন নব্যা।
নব্যার এত সব কর্মকাণ্ডের সবচেয়ে বড় প্রেরণা কে জানেন? নানি জয়া বচ্চন। নব্যা তাঁর নতুন নতুন উদ্যোগের জন্য সব সময় নানির আশীর্বাদ পেয়ে এসেছেন। আর তাঁর সমাজসেবামূলক কাজের জন্য জয়া বচ্চন অত্যন্ত খুশি।
সম্প্রতি এ ব্যাপারে নব্যা বলেছেন, ‘যখনই কোনো সমস্যায় পড়ি, হোক তা সে আমার কাজকে ঘিরে বা ব্যক্তিগত, নানির কাছে ছুটে যাই। ওনার কাছে পরামর্শ নিই। উনি এমনই একজন মানুষ, নিজের যোগ্যতায় যিনি স্বতন্ত্র এক পরিচয় গড়ে তুলেছেন। এমনকি কাজ ছেড়ে দেওয়ার পরও। নানি সব সময় মেরুদণ্ড সোজা করে চলে এসেছেন। নিজের পছন্দের বিষয়গুলো সব সময় স্পষ্টভাবে তুলে ধরেন। সোজা কথা সোজাভাবে বলার মানুষ নানি। আর এসব গুণের জন্য আমি ওনাকে অত্যন্ত সম্মান করি।’
নেট দুনিয়ায় নব্যার যেমন অনেক অনুরাগী, তেমনি আবার ট্রলও কম হন না। তাও না হয় সহ্য হয়, কিন্তু তার কারণে মা শ্বেতা বচ্চনকে ট্রল করা হলে খুবই বিরক্ত হন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘একজনের নির্দিষ্ট একটা মন্তব্য আমাকে খুবই হতাশ করেছিল।
এক সাক্ষাৎকারে বলেছিলাম, আমার মা আমাকে দারুণভাবে প্রেরণা দেয়, কারণ উনি কর্মরত নারী। এ সূত্র ধরে একজন মন্তব্য করেন, “কিন্তু উনি কী কাজ করেন?” আর আমার উত্তর ছিল, উনি মা। আর এটাই ওনার সারা দিনের কাজ।’ নব্যা আরও বলেছেন, ‘আমার মনে হয় মাতৃত্ব সবচেয়ে কঠিন কাজ। আমাদের সমাজে এ কাজ যথেষ্ট প্রশংসিত হয় না। তাদের প্রাপ্য কৃতিত্ব দেওয়া হয় না।’