মেয়ের বাবা হলেন শহীদ কাপুর

খবরটা বেরিয়েছিল আগেই। সপ্তাহের শুরুর দিকে দুজনের একটি ছবি দেখা যায় ইনস্টাগ্রামে। বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়। ভক্তরা অপেক্ষায় ছিলেন কখন আসে নতুন মুখ। অপেক্ষার পালা শেষে গত শুক্রবার মিরা-শহীদের ঘরে এসেছে নতুন মুখ। শহীদ কাপুর মেয়ের বাবা হলেন।
শুক্রবার রাত আটটায় স্ত্রী মিরা রাজপুত তাঁদের প্রথম সন্তানের জন্ম দেন। ২৪ আগস্ট থেকে মিরা ভারতের মুম্বাইয়ের খার এলাকার হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন। মেয়ের জন্মের কিছুক্ষণের মধ্যেই টুইট করে শহীদ প্রথম সন্তানের খবর জানান। টুইটে শহীদ লেখেন, ‘সে পৃথিবীতে চলে এসেছে। খুশির মাত্রা বোঝাতে পৃথিবীর সব শব্দই কম মনে হচ্ছে।’
শহীদের কাছের একজন জানান, মিরা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। হাসপাতালে মিরার পাশে আছেন শহীদ ও তাঁর পুরো পরিবার। কয়েক দিনের মধ্যেই নবজাতককে নিয়ে শহীদ-মিরা বাড়ি ফিরতে পারবেন বলেও সূত্র জানায়। এদিকে কাপুর পরিবারে নতুন অতিথি আসায় শহীদ ও মিরাকে অভিনন্দন জানিয়েছে পুরো বলিউড। আলিয়া ভাট টুইট করেছেন, ‘অভিনন্দন শহীদ-মিরা দম্পতি। সোনামণিকে দেখার জন্য অপেক্ষায় আছি।’ সোনম কাপুর টুইট করেন, ‘অভিনন্দন শহীদ-মিরা। মন থেকে অনেক ভালোবাসা ও দোয়া ওর প্রতি। ওকে দেখার জন্য পাগল হয়ে আছি।’
কাজপাগল শহীদ কাপুর মেয়েকে পেয়ে বেশ উচ্ছ্বসিত। মা ও মেয়েকে সময় দেওয়ার জন্য আগামী অক্টোবর পর্যন্ত সব কাজ আপাতত বাদ রেখেছেন। মা ও মেয়েকে সুস্থ রাখতে পুরো দেখভাল করবেন শহীদ। একটি সূত্র জানায়, শহীদ অক্টোবর পর্যন্ত কাজ স্থগিত রাখবেন। শহীদ খুবই যত্নবান স্বামী ও বাবা। সব সময়ই তিনি স্ত্রী মিরার পাশে আছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস