মোদিকে বলিউড তারকাদের 'পাল্টাপাল্টি' চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত, প্রসূন যোশি, অনুরাগ কশ্যপ, অপর্ণা সেন
কঙ্গনা রনৌত, প্রসূন যোশি, অনুরাগ কশ্যপ, অপর্ণা সেন

ভারতে বেড়েছে গণপিটুনিতে মৃতের সংখ্যা। সর্বশেষ ভারতের ঝাড়খন্ডে শামস তাবরেজ (২৪) নামের এক তরুণকে পিটিয়ে মারার পর হঠাৎ করেই ভীতি ছড়িয়ে পড়েছে সবখানে। ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে 'জাস্টিস ফর তাবরেজ' আন্দোলন।

বসে নেই বলিউডও। ২৩ জুলাই পরিচালক মনি রত্নম, অনুরাগ কশ্যপ, শ্যাম বেনেগাল, অপর্ণা সেনসহ ৪৯ জন লিখিত চিঠি দিয়ে মোদি সরকারকে তাঁদের উৎকণ্ঠার কথা জানিয়েছেন। এই চিঠির পাল্টা চিঠি দিয়েছেন বলিউডের কঙ্গনা রনৌতসহ ৬১ জন তারকা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আরেকটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

বলিউডের ৪৯ জনের লেখা চিঠিতে বলা হয়েছে, ভারতে উগ্র ধর্মীয় বিদ্বেষ বেড়েছে। ভিন্নতার ঘৃণা থেকে সৃষ্ট অপরাধ ক্রমেই বেড়ে চলছে। বিভিন্ন জায়গায় উত্তপ্ত জনতা জড়ো হয়ে কাউকে আক্রমণ করার সময় 'জয় শ্রীরাম' শ্লোগান দিচ্ছে বলেও উল্লেখ করা হয় ওই লিখিত বক্তব্যে।

সেই চিঠিতে উপজাতি, মুসলমান সহ সকল সংখ্যালঘুদের জন্য উদ্বেগ প্রকাশিত হয়েছে। বলা হয়েছে কাশ্মীরের স্কুল জ্বালিয়ে দেওয়ারও কথাও। ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতেও সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশিত হয় সেই লেখায়।

ওই লিখিত বক্তব্যের বিপরীতে আজ শুক্রবার কঙ্গনা রনৌত সহ ৬১ জন বলিউড তারকা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আরেকটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর। ওই চিঠিতে বলিউডের ৪৯ জন তারকার চিঠির বক্তব্যকে নাকচ করে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন ঘটনাকে সাধারণীকরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আর বলা হয়েছে, ওই চিঠির বক্তব্য 'সার্বিকভাবে সত্যি না'।

আজকের বক্তব্যে বলা হয়েছে, আগের চিঠি নাকি নিশ্চিতভাবেই রাজনৈতিক, অসৎ উদ্দেশ্যপ্রণীত। আর দ্বিতীয় চিঠিতে কঙ্গনা ছাড়াও আরও স্বাক্ষর করেছেন গীতিকার প্রসুন যোশি, নৃত্যশিল্পী সোনাল মানসিং, পরিচালক মধুর ভাণ্ডারকার, বিবেক অগ্নিহত্রি সহ আরও অনেকে।

দ্বিতীয় চিঠিতে বলা হয়েছে, '২৩ জুলাইয়ের চিঠিতে ভারতের আন্তর্জাতিক মানদন্ড ক্ষুণ্ণ করা হয়েছে। দেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে খাটো করা হয়েছে। কোটি ভারতবাসীর জাতীয়তাবোধ ও মানবিকতাকে অসম্মান করা হয়েছে। মোটের ওপর এটা একটা মিথ্যা বয়ান।'

আজকের লিখিত বিবৃতিতে বলিউড তারকারা ছাড়াও শান্তিনিকেতন সহ বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও স্বাক্ষর করেছেন।