মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন অক্ষয়

অক্ষয় কুমারের সময় এখন ভালোই যাচ্ছে। গত সপ্তাহে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির কাছ থেকে তিনি গ্রহণ করেছেন নিজের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘রুস্তম’ ও ‘এয়ারলিফট’ ছবির জন্য এবার সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। আজ সকালে আসন্ন ছবি ‘টয়লেট এক প্রেম কথা’ নিয়ে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। মোদির সঙ্গে সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেছেন অক্ষয়।
টুইটারে নরেন্দ্র মোদির সঙ্গে তোলা ছবিটি প্রকাশ করে অক্ষয় লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো। তাঁকে আমার ছবি “টয়লেট এক প্রেম কথা” নিয়ে বলার সুযোগ পেলাম। ছবির নাম শুনে তিনি যে হাসি দিলেন, তাতেই আমার মন ভরে গেছে।’
অক্ষয়ের এই ছবিটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর ওপর ভিত্তি করেই তৈরি। এটি মূলত পরিচ্ছন্নতা বৃদ্ধিতে সচেতনতামূলক একটি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। অক্ষয় কুমারের নতুন ছবিতেও এ বিষয় তুলে ধরা হয়েছে।
‘টয়লেট এক প্রেম কথা’ মুক্তি পাবে ১১ আগস্ট। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেডনেকার। তথ্যসূত্র: আইএএনএস।